ডেস্ক রিপোর্টঃ
জয়ের খুব কাছেই ছিল কুমিল্লা ওয়ারিয়র্স। শেষ ৪ ওভারে দরকার ছিল ২৬ রান। কিন্তু ১৮তম ওভারে কুমিল্লা শিবির কাঁপিয়ে দেন রুবেল হোসেন। সে ওভারে মাত্র এক রান দিয়ে তুলে নেন দুই উইকেট। তাতে পুরো ম্যাচের মোড় ঘুরে যায়। তবে শেষ পর্যন্ত পারল না চট্টগ্রাম। শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে চট্টগ্রামকে দুই উইকেটে হারায় কুমিল্লা ওয়ারিয়র্স।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে ১৫৯ রান সংগ্রহ করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। জবাবে ব্যাট করতে নেমে শেষ ওভারে জয় তুলে নেয় কুমিল্লা ওয়ারিয়র্স। ৫১ বলে ৭৪ রান করে ম্যাচ সেরা হয়েছেন ডেভিড মালান।
এই জয়ের মাধ্যমে আসরে নিজেদের আশা বাঁচিয়ে রাখল কুমিল্লা। ছয় পয়েন্ট নিয়ে তাদের অবস্থান টেবিলের পঞ্চম স্থানে। তবে নকআউটে যেতে বাকি বাকি চার ম্যাচের সবগুলোতে জিততে হবে কুমিল্লাকে। অন্যদিকে ১২ পয়েন্ট নিয়ে এখনো সবার শীর্ষে আছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
এদিন টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ঝড় তোলে চট্টগ্রাম। দুই ওপেনার সিমন্স ও জুনায়েদ সিদ্দিক প্রথম পাওয়ার প্লেতেই তোলেন ৫৪ রান। এরপর দুজন মিলে গড়েন ১০৩ রানের জুটিতে। ১২তম ওভারে সিমন্সকে ফিরিয়ে এই জুটি ভাঙেন সৌম্য সরকার। ফেরার আগে পাঁচ বাউন্ডারি আর দুই ছক্কায় ৩৪ বলে ৫৪ রান করেন সিমন্স। অবশ্য এটাই ছিল চট্টগ্রামের ব্যাটসম্যানদের সর্বোচ্চ সংগ্রহ। এরপর আর ব্যাট হাতে বড় ইনিংস করতে পারেননি কেউ। সিমন্সের পর জুনায়েদ ফিরে যান ৪৫ রানে। ৩৭ বলে তাঁর ইনিংসটি সাজানো ছিল ছয় বাউন্ডারি দিয়ে। মাঝে একে একে ব্যর্থ হন রায়ান বার্ল, নুরুল হাসান, ওয়ালটনরা।
দ্রুত কয়েক উইকেট হারানোয় কিছুটা চাপে পড়ে চট্টগ্রাম। সেখান থেকে হাল ধরেন কদিন আগে বিপিএলে নাম লেখানো জিয়াউর রহমান। ২১ বলে ৩৪ রানের ইনিংস খেলে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন তিনি।
কুমিল্লার হয়ে বল হাতে চার ওভার বোলিং করে ২০ রানের বিনিময়ে দুটি উইকেট নেন সৌম্য সরকার। সমান একটি করে নিয়েছেন আল-আমিন ও সানজামুল ইসলাম।
১৬০ রানের জবাবে ব্যাট করতে নামা কুমিল্লাকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার রবিউল ইসলাম ও স্টিয়ান। প্রথম তিন ওভারে দুজন মিলে করেন ৩০ রান। চতুর্থ ওভারে এই জুটি ভাঙেন ইংলিশ তারকা প্লাঙ্কেট। ১২ বলে স্টিয়ান করেন ২২ রান। এরপর নবম ওভারে রবিউলকে সাজঘরে পাঠান মেহেদী হাসান রানা। ১৭ রানে ফেরেন রবিউল।
আগের ম্যাচে ঝড় তোলা সৌম্য আজ জ্বলে উঠতে পারলেন না। ছয় রানে জিয়াউরের বলে আউট হন সৌম্য।
দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়া কুমিল্লাকে জয়ের দিকে নিয়ে যান ডেভিড মালান। কিন্তু ১৮তম ওভারে এক রানের বিনিময়ে দুই উইকেট নিয়ে ম্যাচ জমিয়ে তোলেন রুবেল। শেষ ওভারে ৭৪ রানে ফিরে যান মালানও। তবে আবু হায়দার রনি ও মুজিব উর রহমানের কল্যাণে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে কুমিল্লা।
সংক্ষিপ্ত স্কোর :
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স : ২০ ওভারে ১৫৯/৬ (সিমন্স ৫৪, জুনায়েদ সিদ্দিক ৪৫, চ্যাডউইক ওয়ালটন ৯, রায়ান বার্ল ২, সোহান ৪, জিয়াউর ৩৪*, প্লাঙ্কেট ৪, পিনাক ০*; মুজিব ৪-০-১৮-০, আবু হায়দার ২-০-১৭-০, আল আমিন , ওয়াইজ ২-০-২৬-১, সানজামুল ৪-০-৩৩-১, সৌম্য ৪-০-২০-২)।
কুমিল্লা ওয়ারিয়র্স : ২০ ওভারে ১৬১/৭ (রবিউল ইসলাম ১৭ , স্টিয়ান ২২, ডেভিড মালান, সৌম্য সরকার ৬ , সাব্বির রহমান ১৮, ওয়াইজ ১, মাইদুল ইসলাম ০, আবু হায়দার ১২, মুজিব উর রহমান ৪ ; রুবেল হোসেন ৪-০-১৬-২, মেহেদী হাসান রানা ৩-০-৩১-১ , নাসিম আহমেদ ২-০-১৮-০, লিয়াম প্লাঙ্কেট ৪-০-৪৬-১, জিয়াউর ৪-০-৩৬-১, রায়ান বার্ল ৩-০-৯-১)।
ফল : দুই উকেটে জয়ী কুমিল্লা ওয়ারির্স।
ম্যান অব দ্য ম্যাচ : ডেভিড মালান।

























































