শনিবার,২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


মুরাদনগরের বাঙ্গরায় পুত্র ও পুত্রবধূর মারধরে বৃদ্ধা মায়ের মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৩.২০২০


মাহবুব আলম আরিফ, মুরাদনগর :
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন শ্রীকাইল এলাকায় পুত্র ও পুত্রবধূর মারধরে অর্ধশতবর্ষী বৃদ্ধা মায়ের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার পিপড়িয়াকান্দা (মধ্য পাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে দেলোয়ার হোসেন (৪৫) ও ছেলের বউ হাসিনা বেগম (৩৬) কে আটক করেছে পুলিশ।

আটককৃতরা উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন শ্রীকাইল ইউনিয়নের পিপড়িয়াকান্দা (মধ্য পাড়া) গ্রামের মৃত ভূলু মিয়ার ছেলে দেলোয়ার হোসেন ও অভিযুক্ত দেলোয়ার হোসেনের স্ত্রী হাসিনা বেগম ।

এলাকাবাসী জানান, গত মঙ্গলবার (৩ মার্চ) রাতে পারিবারিক কলহের জেরে মা মোমেনা খাতুন (৫৪) কে ছেলে দেলোয়ার হোসেন ও ছেলের বউ হাসিনা আক্তার বেধরক মারধর করে। এতে মা মোমেনা খাতুন গুরুতর আহত হলে প্রাথমিক ভাবে তাকে চিকিৎসা দেয়ার পর কিছুটা সুস্থ্য হয়। পরবর্তীতে গত বৃহস্পতিবার সকালে ছেলে দেলোয়ার ও তার স্ত্রী বৃদ্ধা মোমেনা খাতুনকে আবারো মারধর করে। মারধরের ঘটনায় ওইদিন বিকেলে গুরুত্বর অসুস্থ্য হয়ে মোমেনা খাতুনের মৃত্যু হয়। এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে নিহত বৃদ্ধার ছোট ছেলে ইমাম উদ্দিন বাদী হয়ে বাঙ্গরা বাজার থানায় একটি মামলা দায়ের করে। অভিযোগের ২ঘন্টার মধ্যে বাঙ্গরা বাজার থানা পুলিশ অভিযুক্ত ছেলে ও ছেলের বউকে তাদের নিজ বাড়ী থেকে আটক করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মোমেনা খাতুনের লাশ ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। অভিযুক্ত ছেলে দেলোয়ার হোসেন ও ছেলের বউ হাসিনা বেগম কে শুক্রবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি