শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দাবানলের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে বাড়ি ছেড়ে পালাচ্ছে লাখ লাখ মানুষ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৯.২০২০

ডেস্ক রির্পোট:

যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে অব্যাহত দাবানলে এ পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে। দাবানলের তাণ্ডবে অরেগন অঙ্গরাজ্যের ১০ শতাংশ অর্থাৎ ৫ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন জানিয়েছে রাজ্যের জরুরি বিভাগের কর্তৃপক্ষ।

পশ্চিমাঞ্চলে ১’শর বেশি স্থানে দাবানল অব্যাহত রয়েছে। ক্যালির্ফোনিয়া, অরেগন এবং ওয়াশিংটন রাজ্যে গরম বাতাস আর উচ্চ তাপমাত্রায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। বিবিসি তাদের খবরে বলছে, দগ্ধ হয়ে শুধু ক্যালির্ফোনিয়াতেই এ পর্যন্ত ১০ জন মারা গেছেন।

অরেগন রাজ্যের দমকল বাহিনীর মুখপাত্র রিচ টাইলার নিউইয়র্ক টাইমকে জানান, ‘ব্যবসা প্রতিষ্ঠান এবং আবাসিক ঘর-বাড়ির গ্যাস সংযোগ বন্ধ না রাখার কারণে আগুন আরও শক্তিশালী রূপ নিয়েছে’।

এদিকে, ডেমোক্র্যাট গভর্নর ব্রাউন সংবাদ সম্মেলনে বলেন, ‘এই রকম দাবানল অরেগন রাজ্যে আগে কখনো দেখেনি। জলবায়ু পরিবর্তনের কারণেই হচ্ছে, সেটি আমরা উপলব্ধি করছি’।

দাবানল ছড়িয়ে পড়ায় স্থানীয় একটি কারাগার থেকে ১৩’শর বেশি নারী বন্দিকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার কথা জানিয়েছে প্রশাসন।

ওয়াশিংটন অঙ্গরাজ্যেও একই পরিস্থিতি। নিয়ন্ত্রণহীন আগুন কোনভাবে লাগাম টানতে পারছেন না দমকলকর্মীরা। গত তিনদিনেই সেখানকার ৬ লাখ হেক্টর বনভূমি গ্রাস করেছে দাবানল।

অন্যদিকে, ক্যালিফোর্নিয়ায় বিপজ্জনক স্থানের ৬৪ হাজার বাসিন্দাকে সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। ওই অঞ্চলের ২৯টি স্থানে ১৪ হাজার দমকলকর্মী আপ্রাণ লড়াই করছেন।

পশ্চিমাঞ্চলের ১২টি অঙ্গরাজ্যের ৪৩ লাখ হেক্টর ছাই হয়ে গেছে, খবরে জানিয়েছে সিএনএন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি