আইপিলের ১৩তম আসরে একেবারেই ভিন্ন চেহারায় মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। গত ১২টি আসরের ১০টিতেই চমৎকার পারফরমেন্স দেখিয়েছে দলটি।
অথচ সংযুক্ত আরব আমিরাতের মাটিতে হ্যাটট্রিক পরাজয় চেন্নাই সুপার কিংসের। এমন বিধ্বস্ত দল এর আগে দেখেনি চেন্নাইসমর্থকরা।
উদ্বোধনী ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারালেও পরের ম্যাচ থেকে রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও সানরাইজার্স হায়দরাবাদের কাছে হেরেছে ধোনিরা।
এমন টানা তিন পরাজয়ের পর ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন ধোনি।
শুক্রবার রাতে হায়দারাবাদের কাছে ৭ রানের ব্যবধানে হারার পর ধোনি বলেন, ‘ আগের দুটির মত এই ম্যাচেও আমরা অনেক ভুল করেছি। সামনের ম্যাচে অনেক বিভাগে ভুল শুধরে মাঠে নামতে হবে আমাদেরকে। আরও পেশাদারি মনোভাবের পরিচয় দিতে হবে। ক্যাচ মিস, নো-বলের ক্ষেত্রে আমরা বারবার ভুল করেই চলেছি। ১৬ ওভারের পর বল হাতে দু’টি খারাপ ওভার গেছে। সামগ্রিকভাবে আমরা আরও ভালো করতে পারতাম। কেউই ক্যাচ ফেলতে চায় না; কিন্তু তবুও আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতেই হবে যাতে সহজ ক্যাচ কোনোভাবেই মিস না হয়।’

























































