স্পোর্টস ডেস্ক:
ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারছে না চেন্নাই সুপার কিংস। বারবার ব্যাটিং ব্যর্থতায় ডুবছেন ব্যাটসম্যানরা। শনিবার ( ১০ অক্টোবর) নিজেদের সপ্তম ম্যাচে আরেকটি হারের স্বাদ পেল চেন্নাই। মহেন্দ্র সিং ধোনিদের হারিয়ে জয়ের উৎসব করল বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আইপিএলের ২৫তম ম্যাচে চেন্নাইকে ৩৭ রানে হারিয়েছে বেঙ্গালুরু। মাত্র ৫২ বলে ৯০ রানের দারুণ ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন বেঙ্গালুরুর অধিনায়ক কোহলি।
এদিন টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৬৯ রান সংগ্রহ করে বেঙ্গালুরু। ইনিংসের শুরুতেই অবশ্য হোঁচট খায় দলটি। দলীয় ১৩ রানের মাথায় ভাঙে ওপেনিং জুটি। দুই রানে ফিরে যান ওপেনার অ্যারন ফিঞ্চ।
এরপর দ্বিতীয় উইকেটে দেবদুত পাডিক্কালের সঙ্গে দলকে কিছুটা টানেন কোহলি। ১১তম ওভারে সাজঘরে ফেরেন পাডিক্কাল। ৬৬ রানে থামে দ্বিতীয় জুটি। পাডিক্কাল করেন ৩৩ রান।
এদিন থিতু হতে পারেননি ডি ভিলিয়ার্স। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন তিনি। পরে কোহলি-দুবেদের ব্যাটে চড়ে ১৬৯ রান করে বেঙ্গালুরু। ২২ রান করেন দুবে। সমান চার বাউন্ডারি ও চার ছক্কায় ৯০ রান করেন কোহলি।
জবাব দিতে নেমে ছন্দে ফিরতে পারেনি চেন্নাই। নির্ধারিত ২০ ওভারে মাত্র ১৩২ রানে থামে চেন্নাইয়ের ইনিংস। দলের হয়ে সর্বাধিক ৪০ বলে ৪২ রান করেন রাইডু। এদিনও ব্যাট হাতে ব্যর্থ ছিলেন ধোনি। ছয় বল মোকাবিলা করে মাত্র ১০ রান করেন তিনি।
চলতি আইপিএলে সাত ম্যাচ খেলে মাত্র দুটিতে জিতেছে চেন্নাই। চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ছয়ে তাদের অবস্থান। ছয় ম্যাচের চারটিতে জিতে আট পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে আছে বেঙ্গালুরু।

























































