ডেস্ক রিপোর্টঃ
বিএনপি যত দিন অপরাজনীতি ত্যাগ না করবে, তত দিন রাজনীতিতে তারা আরো অপ্রাসঙ্গিক হয়ে উঠবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আজ শুক্রবার সকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে দাবি করে নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘যেকোনো নির্বাচন এলেই বিএনপি হইচই করে মাঠ গরম রাখে, অথচ ভোটের দিন তাদের আর মাঠে দেখা যায় না।’
সেতুমন্ত্রী আরো বলেন, ‘ভোট গণনা শেষে জনগণের প্রত্যাখ্যাত হলে বিএনপি নেতারা বলেন, সরকার কারচুপি করে হারিয়ে দিয়েছে। এটি তাদের পুরোনো অভ্যাস।’
বিএনপিকে হুঁশিয়ার করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, ‘আগুন সন্ত্রাসের পুনরাবৃত্তি কোনোভাবেই বরদাশত করা হবে না। জানমালের নিরাপত্তায় জনগণকে সঙ্গে নিয়ে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।’
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক সামছুন্নাহার চাঁপা ও মহিলা ও শিশুবিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি।


























































