শুক্রবার,১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


ছেলেকে ৩০ বছর ফ্ল্যাটে বন্দী রেখে নির্যাতন: অভিযুক্ত মা


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.১২.২০২০


ডেস্ক রিপোর্টঃ

নিজের সন্তানকে প্রায় ৩০ বছর ধরে ফ্ল্যাটে বন্দী করে রাখার অভিযোগে সুইডেনের পুলিশ এক মাকে গ্রেফতার করেছে। দেশটির স্টকহোমের উপকণ্ঠে ঘটেছে এই ঘটনা। তবে গ্রেফতার হওয়া মা তার ছেলেকে বন্দী করে রাখা এবং তাকে শারীরিকভাবে আঘাত করার কথা অস্বীকার করেছেন।

স্টকহোমের হ্যানিঞ্জ এলাকায় এই ফ্ল্যাটটি এখন পুলিশ তদন্তের স্বার্থে সিল করে দিয়েছে। সেখানে আসলে কী ঘটেছিল তা জানতে পুলিশ সাক্ষ্য-প্রমাণ খুঁজছে।

ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, লোকটির মা অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে যেতে হয়েছিল। তখন ঘটনাচক্রে ফ্ল্যাটে যাওয়া একজন আত্মীয় ছেলেটিকে সেখানে আবিস্কার করে। তাকে এখন হাসপাতালে তার আঘাতের জন্য চিকিৎসা দেয়া হচ্ছে।

অজ্ঞাতনামা এক আত্মীয়া এবং তার সঙ্গী এই ফ্ল্যাটে গিয়েছিলেন ঐ মায়ের অসুস্থ হয়ে হাসপাতালে গেছেন এ খবর শুনে। এই আত্মীয়া জানিয়েছেন, তিনি সর্বশেষ এই ফ্ল্যাটে গিয়েছেন ২০ বছর আগে। সেসময় তিনি ঐ ছেলেটির ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে সবাইকে সতর্ক করে দেয়ার চেষ্টা করেছিলেন। ছেলেটির বয়স যখন ১১ বা ১২ তখন থেকে তাকে স্কুলের খাতা থেকে নাম কেটে ঘরে নিয়ে আসা হয়েছিল।

এই নারী ফ্ল্যাটের দরোজা খুলে দেখেন এটি একেবারে অন্ধকার, ধুলায় ঢাকা। এবং সেখান থেকে মুত্র, ময়লা-আবর্জনার পঁচা গন্ধ বেরুচ্ছে। যখন তিনি হ্যালো বলে ডাক দেন, তার জবাবে কোন সাড়া পাওয়া যাচ্ছিল না। এরপর তাকে স্তুপ হয়ে থাকা জিনিসপত্রের মাঝ দিয়ে ঘরে ঢুকতে হয়।

রান্নাঘরে শব্দ শুনতে পেয়ে তিনি দেখেন অন্ধকারে এক কোনায় একটা লোক বসা। বাইরে থেকে রাস্তার সড়ক বাতির আলোয় তাকে দেখা যাচ্ছিল। তার পা থেকে হাঁটু পর্যন্ত ঘা হয়ে গেছে। তিনি জানিয়েছেন, লোকটি যখন তাকে দেখেন, তিনি উঠে দাঁড়ান, এবং তার নাম ধরে বার বার ডাকতে থাকেন। লোকটির প্রায় সব দাঁত পড়ে গেছে এবং তার কথা ছিল অস্পষ্ট।

তিনি বলেন, যে কোনভাবেই হোক, এত বছর পরেও লোকটি তাকে চিনতে পেরেছে এবং তাকে দেখে ভয় পাচ্ছিল না। লোকটিকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তাররা বিষয়টি পুলিশকে জানায় এবং এরপর তার মাকে আটক করা হয়।

স্টকহোমের একজন সরকারি কৌসুঁলি রয়টার্স বার্তা সংস্থাকে জানিয়েছে, লোকটির শরীরে অস্ত্রোপচার করতে হয়েছে। তবে এর বেশি বিস্তারিত কিছু তিনি আর জানাননি।

পুলিশের একজন মুখপাত্র রয়টার্সকে জানান, লোকটিকে কতদিন বন্দী করে রাখা হয়েছিল, সেটি আমরা খতিয়ে দেখছি। তবে আমাদের ধারণা, খুবই দীর্ঘ একটা সময় তাকে বন্দী করে রাখা হয়েছিল।

তথ্য সুত্র: বিবিসি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি