কলকাতা বইমেলা এবার জানুয়ারী-ফেব্রুয়ারি থেকে পিছিয়ে জুলাই-আগস্টে হতে পারে। উদ্যোক্তা পাবলিশার্স আন্ড বুকসেলার্স গিল্ড এর সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় জানালেন, চূড়ান্ত দিনক্ষণ স্থির হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এর সঙ্গে বৈঠকের পরই।
তবে, এবারের বইমেলার থিম ঠিক হয়ে গেছে। মুক্তিযুদ্ধের পঞ্চাশ বছর এবং স্বাধীন রাষ্ট্র বাংলাদেশের পঞ্চাশপূর্তি উপলক্ষে এবার থিম বাংলাদেশ। মেলা উদ্বোধনের জন্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ করা হয়েছে। তিনি রাজি হয়েছেন বলে শোনা যাচ্ছে।
এবার বইমেলার স্টলে বইয়ের সঙ্গে করোনা ভ্যাকসিন দেয়ার ব্যবস্থা করছে গিল্ড। যখন বইমেলা হবে ততদিনে ভ্যাকসিন বাজারে এসে যাবে। তাই এই অভিনব পরিকল্পনা।
বাংলাদেশের বেশ কয়েকটি অগ্রণী প্রকাশনা সংস্থা এবার বইমেলায় অংশ নেবে। বাংলাদেশ এর একটি বিশেষ স্টলও থাকবে। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন ওপার বাংলার শিল্পীরাও। মিলবে পদ্মার ইলিশের নানা পদ, বাংলাদেশের নিজস্ব খাবারও।
আলোচনায় অংশ নেবেন বাংলাদেশের সাহিত্যিক, বুধদ্ধিজীবীরা। করোনা বইমেলার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, কিন্তু সব বাধা অতিক্রম করে বইমেলা হবেই, জানালেন ত্রিদিব বাবু।

























































