ঢাকার দোহার উপজেলায় গ্যাস বিক্রেতার ঘুসিতে এক চা বিক্রেতা নিহত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।
উপজেলার মুকসুদপুর ইউনিয়নের ডাকবাংলো এলাকায় শনিবার (৫ ডিসেম্বর) বিকালে তিনি মারা যান বলে দোহার থানার ওসি মোস্তফা কামাল জানিয়েছেন।
নিহত ইউসূফ বেপারী (৬০) উপজেলার মুকসুদপুর গ্রামের ইউনূস বেপারীর ছেলে। ডাকবাংলো মোড়ে চা বেচতেন তিনি।
স্থানীয়রা জানান, শনিবার বিকালে চা বিক্রেতা ইউসুফ দোকানের জন্য সালামের দোকানে গ্যাস সিলিন্ডার কিনতে যান। এ সময় বকেয়া নিয়ে দুইজনের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে সালাম কিল ঘুসি মারেন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি মোস্তফা বলেন, এ ঘটনায় সালামকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লাশের ময়নাতদন্তসহ আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।























































