ঢাকায় বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনে হেফাজতে ইসলামসহ কয়েকটি ইসলামী দলের বিরোধিতার মধ্যে কুষ্টিয়ায় জাতির পিতার নির্মাণাধীন এক ভাস্কর্য ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।
কুষ্টিয়া পৌরসভার পাঁচ রাস্তার মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্যের ডান হাত, পুরো মুখ ও বাম হাতের অংশ বিশেষ শুক্রবার (৪ ডিসেম্বর) রাতে ভেঙে ফেলা হয়।
শনিবার (৫ ডিসেম্বর) সকালে তা নজরে আসার পর ক্ষোভ জানিয়ে শহরের বঙ্গবন্ধু সুপার মার্কেট চত্বর ও থানা মোড়ে আওয়ামী লীগ জাসদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন বিক্ষোভ সমাবেশ, মিছিল ও মানববন্ধন করেছে। কিন্তু কারা এই ভাস্কর্য ভাংচুরে যুক্ত ছিল, তা জানা যায়নি।
কুষ্টিয়া পৌরসভা কর্তৃপক্ষ শহরের ওই স্থানে বঙ্গবন্ধুর তিনটি ভাস্কর্য নির্মাণের উদ্যোগ নিয়েছে। একই বেদিদে জাতীয় চার নেতার ভাস্কর্যও থাকবে।
কুষ্টিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, “এর মধ্যে বঙ্গবন্ধুর একটি ভাস্কর্য স্থাপনের কাজ প্রায় শেষের দিকে। হঠাৎ করে রাতে দুর্বৃত্তরা এই ভাষ্কর্যটির ডান হাত, পুরো মুখ মণ্ডল ও বাঁ হাতের অংশ বিশেষ ভেঙে ফেলেছে।”
পুলিশ সুপার এসএম তানভির আরাফাত বলেন, “সিসি ক্যামেরার ফুটেজ দেখে ঘটনায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে। শিগগিরই তাদের আইনের আওতায় আনা হবে।”
জেলা প্রশাসক আসলাম হোসেন বলেন, “বিজয় মাসে জাতির পিতা ও স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলার বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। যারাই এই ভাস্কর্য ভাংচুরের সাথে জড়িত থাক তাদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ভাস্কর্য ভাঙার প্রতিবাদে শনিবার শহরের এনএস রোডে মানববন্ধন করেছে জাসদ। সেখানে কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি হাজি গোলাম মহসিন বলেন, “শুক্রবার বিভিন্ন মসজিদের জুম্মার খুৎবা পাঠকালে সারাদেশের ভাস্কর্য অপসারণের যুক্তি দিয়ে মসজিদে আগত ধর্মপ্রাণ মুসুল্লিদের উস্কে দেয়ার অভিযোগ পেয়েছি।”























































