শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নোয়াখালীর ঘটনায় জড়িতদের ছাড় দেওয়া হবে না : ওবায়দুল কাদের


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৩.২০২১

ডেস্ক রিপোর্ট:

নোয়াখালীর কোম্পানীগঞ্জের ঘটনায় জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (১১ মার্চ) সকালে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সেতুমন্ত্রী এ কথা বলেন। রাজধানীর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্মেলনে যুক্ত হন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় শৃঙ্খলার বিষয়ে অত্যন্ত কঠিন উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, “দলের শৃঙ্খলা না মানলে যত বড় নেতা বা জনপ্রতিনিধি হোন না কেন, দল ছাড় দেবে না।”

আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, “ত্যাগীদের কমিটিতে মূল্যায়ন করতে হবে। ত্যাগীরা আওয়ামী লীগের প্রাণ, তাদের কমিটিতে রাখতে হবে। জেলা ও উপজেলায় পকেট ভারী করার জন্য বসন্তের কোকিলদের দলে টানা যাবে না।”

নিজেদের ব্যর্থতার দায় অন্যের ওপর চাপাতে বিএনপি সিদ্ধহস্ত অভিযোগ করে সেতুমন্ত্রী বলেন, “অব্যাহত ব্যর্থতা আর ক্ষমতার রাজনীতি থেকে ছিটকে পড়ে বিএনপি এখন দিশেহারা পথিকের মতো। বিএনপির অপরাজনীতিতে জনগণের আস্থা নেই, তাই বিএনপিকে অপপ্রচার আর অপরাজনীতি ছেড়ে ইতিবাচক রাজনীতিতে ফিরে আসতে হবে।”



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি