দিনাজপুরের পার্বতীপুরে পরকীয়ায় আসক্ত ঘুমন্ত স্বামীকে গলাটিপে হত্যা করেছে স্ত্রী। এ ঘটনায় পুলিশ ঘাতক স্ত্রীকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে।
জানা যায়, উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের চান্দোয়াপাড়া গ্রামের মৃত জহির উদ্দিনের পুত্র শাহজাদ হোসেনের (৩৭) সঙ্গে পার্শ্ববতী রামপুর ইউনিয়নের ভোটগাছ গ্রামের শফিকুল ইসলামের কন্যা শরিফা বেগমের (২৪) ৪র্থ বিয়ে হয় ২০১৯ সালের ৩রা অক্টোবর। তবে শাহজাদ হোসেনেরও এটি তৃতীয় বিয়ে। বিয়ের পর থেকে নানা কারণে স্বামী-স্ত্রীর মনোমালিন্য ও ঝগড়াঝাটি লেগে থাকতো। প্রায় ২ মাস আগে থেকে শাহজাদ হোসেন টাঙ্গাইলের এলেঙ্গায় একটি অটোরাইস মিলের শ্রমিক হিসেবে কাজ করে। বুধবার (১৪ই এপ্রিল) ভোরে শাহজাদ হোসেন তার কর্মস্থল থেকে গ্রামের বাড়ি চান্দোয়াপাড়ায় আসে। বিকালে স্ত্রী শরিফা বেগম সুজির হালুয়ার সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে শাহজাদকে খাওয়ায়।
পরে সে ঘুমিয়ে পড়লে শরিফা শাহজাদ হোসেনকে গলাটিপে হত্যা করে। স্ত্রী শরিফা বেগম পরকীয়া প্রেমে আসক্তির কারণে এ নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে পুলিশ জানায়।
পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোখলেছুর রহমান জানান, এ ঘটনায় নিহত শাহজাদ হোসেনের বড় ভাই মমিনুর রহমান বাদী হয়ে ঘাতক স্ত্রী শরিফা বেগমকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। দুপুরে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আ. রহিম মেডিকেল মর্গে লাশ পাঠানো হয়। আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।























































