করোনাকালে হাজারো খারাপের মধ্যে মানুষ মুখিয়ে থাকে নিজের ‘মানুষ’ পরিচয়টাকে খুঁজে পেতে। আর তাই আজকাল ভালো কিছু মানেই ভাইরাল। সেই সূত্রে ভারতের এই ছেলের নামই হয়ে গেছে ‘ভাইরাল বয়’। না, কোনও টিকটক ভিডিও কিংবা ভিডিও বানায়নি সে। ও শুধু খাবারের বাটিগুলোর ওপর হিন্দিতে লিখে দিচ্ছে শুভেচ্ছা বার্তা- ‘ভালো থাকুন’, ‘আনন্দে থাকুন’।
খাবারের প্যাকেটগুলো যাবে ভারতের কোনও এক কোভিড হাসপাতালের রোগীদের কাছে। রান্নাটা করেছে এই ছেলের মা। হয়তো তিনি ছোটখাট কোনও ক্যাটারিং সার্ভিস চালাচ্ছেন। তথাপি এতো এতো প্যাকেটের গায়ে কসরত করে শুভেচ্ছা বার্তা লিখতে তো কেউ বলেনি ছেলেটাকে! গায়ের সবুজ পোশাক দেখেই বোঝা যায় স্কুলে পড়ছে ও। নাম পরিচয় না পাওয়া গেলেও ফেসবুক, টুইটারের কারণে তার বার্তাটা কিন্তু ছড়িয়েছে ঠিকই।
হয়তো শিশুহাতে গোটা গোটা অক্ষরে লেখা এই শুভকামনার জোরেই অনেক কোভিড রোগী ফিরে পাবেন মনের জোর। জেনে রাখা ভালো যে, ডাক্তারি বিদ্যা বলছে ওই মনের জোরটাও কিন্তু টনিকের কাজ করে!

























































