নিজের পোষা কুকুরকে হিলিয়াম বেলুনের সঙ্গে বেঁধে ওড়ানোর চেষ্টা করায় এক ইউটিউবারকে গ্রেফতার করেছে ভারতীয় পুলিশ।
৩২ বছর বয়সী গৌরব শর্মার ধারণ করা ভিডিওতে দেখা গেছে, কুকুরের পিঠে বেলুন বেঁধে উড়িয়ে দেন। পরে পাশের একটি ভবনের দ্বিতীয় তলার ব্যালকনিতে থাকা এক ব্যক্তি কুকুরটি ধরে ফেলেন। পরে প্রাণী কল্যাণ সংস্থা পিপল ফর এনিম্যালস (পিএফএ) এর অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
নিজের ইউটিউব চ্যানেলে কুকুর ওড়ানোর চেষ্টার ভিডিও প্রকাশ করেন গৌরব শর্মা। ৪০ লাখ সাবস্ক্রিপশনের চ্যানেলটিতে এই ভিডিও প্রকাশের পরই সমালোচনা শুরু হয়। পরে সেটি মুছে দেন তিনি। গৌরবের দাবি সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা মেনেই কুকুর ওড়ানোর চেষ্টা করেছেন তিনি।
তবে পিপল ফর এনিম্যালস গৌরব শর্মার বিরুদ্ধে দিল্লি পুলিশের কাছে অভিযোগ দায়ের করে। তার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।
গৌরবের পোস্ট করা ভিডিওতে দেখা যায়, একটি গাড়ির ওপর দাঁড়িয়ে হিলিয়াম ভর্তি বেলুনের সঙ্গে নিজের পোষা কুকুর বেঁধে দেন তিনি। এক পর্যায়ে প্রাণীটি বেলুনের সঙ্গে উড়তে শুরু করলে পাশের একটি ভবনের দ্বিতীয় তলার ব্যালকনিতে এক ব্যক্তি হাজির হয়ে কুকুরটি ধরে ফেলেন। প্রাণীটি রক্ষা করতে ওই ব্যক্তি সফল হলে ভিডিওতে উল্লাসের শব্দ শোনা যায়।
পরে এই ভিডিওটি মুছে দিয়ে ক্ষমা প্রার্থনা করে আরেকটি ভিডিও আপলোড করেন গৌরব শর্মা। সেখানে তিনি দাবি করেন নিজের কুকুর ডলারের নিরাপত্তার সব ব্যবস্থা মেনেই ওই ভিডিও ধারণ করেন তিনি। নতুন ভিডিওতে তিনি দাবি করেন অন্য ইউটিউবার একই ধরনের স্টান্ট করতে দেখে প্রভাবিত হয়ে ওই কাজ করেছিলেন তিনি। দর্শকদের তিনি তার কাজ থেকে অনুপ্রাণীত না হওয়ার আহ্বান জানান। তিনি নিজেকে প্রাণী প্রেমী বলে দাবি করে বলেন ডলারকে তিনি সন্তানের মতো ভালোবাসেন।

























































