ডেস্ক রিপোর্ট:
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় মায়ের সাথে গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে তাবাসসুম নামের পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১৪ জুন) দুপুরে জেলা সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের আটলা গ্রামের পূর্বপাড়া বাড়ির পশ্চিম পাশের পুকুরে এ ঘটনা ঘটে। তাবাসসুম একই এলাকায় সিরাজুল ইসলামের মেয়ে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, দুপুর আড়াইটার দিকে বাড়ির পশ্চিম পাশের পুকুরে তাবাসসুম মায়ের সাথে গোসল করতে যায়। হঠাৎ তাবাসসুম পানিতে ডুবে যায়। তাবাসসুমকে অনেক খোঁজাখুঁজি করে পানির নিচ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে। পরে তাবাসসুমকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. জামাল ভূঁইয়া তাকে মৃত ঘোষণা করেন।
জরুরি বিভাগের চিকিৎসক ডা. জামাল ভূঁইয়া বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটি মারা গেছে। মেয়েটির ফুসফুসে পানি ঢুকে যাওয়ায় শ্বাসনালী বন্ধ হয়ে শিশুটির মৃত্যু হয়েছে।
এব্যাপারে জানতে চাইলে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, হাসপাতাল সূত্রে জেনেছি ৫ বছরের একটি মেয়ে শিশু পুকুরের পানিতে ডুবে মারা গেছে। হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। খোঁজ নিয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।


























































