শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


তুরস্ক ও চীনে ভয়াবহ বন্যায় ৫২ জনের প্রাণনাশ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৮.২০২১

আন্তর্জাতিক ডেস্কঃ

চীন ও তুরস্কে ভয়াবহ বন্যায় ৫২ জনের প্রাণহানি
তুরস্কের কাস্তামনু প্রদেশের বোঝকার্ট শহরের বন্যাদুর্গতদের নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন উদ্ধারকর্মীরা৷ সূত্রঃরয়টার্স

চীন ও তুরস্কে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫২ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ২৫ জন চীনের ও ২৭ জন তুরস্কের। বন্যার কারণে চীনের হুবেই প্রদেশের পাঁচটি শহরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। প্রায় ৬ হাজার লোককে বাধ্য হয়ে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। অপরদিকে তুরস্কের কৃষ্ণ সাগরের উপকূলীয় কয়েকটি শহর বন্যার পানিতে তলিয়ে গেছে। এখনো অনেকে নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে।

তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানায়, বন্যায় উত্তরাঞ্চলে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। এতে বিধ্বস্ত হয়েছে বহু ঘরবাড়ি-দোকানপাটসহ নানা স্থাপনা। চলতি মাসে তুরস্ক দুটি বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়ল। দেশটির দক্ষিণাঞ্চলের বহু এলাকা দাবানলে বিপর্যস্ত। দুই সপ্তাহ ধরে সেখানে আগুন নেভাতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। এর মধ্যেই দেখা দিল বন্যা। শুক্রবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ আরো জানিয়েছে, কান্তামনু প্রদেশে বন্যায় ২৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সিনোপে বন্যায় প্রাণ গেছে আরো দুই জনের। উদ্ধার তত্পরতা এখনো অব্যাহত রয়েছে। সেখানে হেলিকপ্টার ও নৌকাযোগে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। কর্তৃপক্ষ জানায়, একটি এলাকার ডরমেটরিতে শিক্ষার্থীসহ ৭৪০ জন আটকা পড়েছেন। বন্যাদুর্গত এলাকা থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে প্রায় দেড় হাজার মানুষকে। এখনো ৩৩০টির মতো গ্রামে বিদ্যুত্-সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। পাঁচটি সেতু ভেঙে গেছে পানির তোড়ে, তলিয়ে গেছে বহু সড়ক। এদিকে গত ২৮ জুলাই থেকে সরকারি হিসাবে অন্তত ২২৯টি দাবানলে আট জনের মৃত্যু হয়েছে তুরস্কে। বিভিন্ন দেশের সহযোগিতায় দাবানল এখন অনেকটা নিয়ন্ত্রণে বলছে কর্তৃপক্ষ। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেন, ইতিহাসে এবারই প্রথম দাবানলে এমন পরিস্থিতির মুখোমুখি পড়ল তুরস্ক।

অন্যদিকে বন্যায় চীনের হুবেই প্রদেশে ভয়াবহ অবস্থা বিরাজ করছে। রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে ভারী বৃষ্টিপাতের কারণে বন্যায় এ হতাহতের ঘটনা ঘটেছে। এ কারণে বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক জায়গায় যোগাযোগব্যবস্থা ভেঙে পড়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা সুইঝো, জিয়ানগিয়াং এবং জিয়াওগানে উদ্ধারকর্মীদের পাঠানো হয়েছে। সিনহুয়া জানিয়েছে, বৃহস্পতিবার ইয়েচেং শহরে ৪০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চায়না নিউজ সার্ভিস জানিয়েছে, হুবেইতে ৭৭৪টি জলাধার বন্যা সতর্কতার মাত্রা অতিক্রম করেছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি