শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দীর্ঘ ১৩ বছর ধরে শিকলবন্দি হয়ে জীবন কাটাচ্ছেন ভাইবোন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৮.২০২১

ডেস্ক রিপোর্টঃ

দীর্ঘ ১৩ বছর ধরে ২ ভাই- বোন শিকলে বন্দি জীবন কাটাচ্ছেন। তারা উপজেলার মাত্রাই ইউনিয়নের বিয়ালা গ্রামের সরকারি গুচ্ছগ্রামের রফিকুল ইসলাম ও ওশনাআরা বেগম দম্পতির সন্তান।

বাবা রফিকুল ইসলাম দিন মজুর আর মা গৃহিণী ওশনাআরা বেগমের ৩ ছেলে মেয়েকে নিয়ে সুখের সংসার নিয়ে বসবাস করছিলেন কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের বিয়ালা গ্রামে। একপর্যায়ে ৩ সন্তানের মধ্যে বড় মেয়ে এবং মেজো ছেলে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। গত ১৩ বছর ধরে তারা শিকলবন্দি রয়েছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মা ওশনাআরা বেগম তার ভাঙা ঘরের সামনের উঠানে খোলা আকাশের নিচে পাটায় ভর্তার জন্য প্রস্তুতি নিচ্ছে। এদিকে তার বড় মেয়ে আম্বিয়া (২৫) এবং মেঝ ছেলে রস্তম (২১) ২ ভাই-বোনকে তাদের ঘরের বারান্দায় পায়ে শিকল বেঁধে রাখা হয়েছে।

বাবা রফিকুল ইসলাম বলেন, ২ ছেলে মেয়ের জন্য অনেক টাকা-পয়সা চিকিৎসায় ব্যয় করেও ভালো না হওয়ায় পায়ে শিকল বেঁধে রেখেছি। বর্তমানে পরিবার-পরিজন নিয়ে তারা খেয়ে, না খেয়ে দিন কাটাচ্ছেন।

মা ওশনাআরা বেগম জানান, প্রায় ১৩ বছর আগে বড় মেয়ে আম্বিয়া মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। মেয়েকে প্রথমে বিয়ে দিই; ভেবেছিলাম স্বামীর সংসারে গেলে তার মেয়ে ভালো হতে পারে। কিন্তু ৬ মাস পর জামাই মেয়েকে ছেড়ে দিয়ে চলে যায়। এর পর তারা নিজেরাই মেয়েকে বগুড়া, রংপুর, পাবনায় চিকিৎসা করান। পরে ভালো না হওয়ায় টাকার অভাবে অল্প খরচে কবিরাজি চিকিৎসা করানো হয়।

তিনি আরও বলেন, ৩ বছর আগে মেজো ছেলে রস্তমের মধ্যে একই পরিবর্তন লক্ষ্য করা গেলে তাকেও কবিরাজি চিকিৎসা করানো হয়। বর্তমানে তারা টাকার অভাবে কোনো চিকিৎসা করাতে না পাড়ায় ২ ছেলে মেয়েকে পায়ে শিকল বেঁধে রাখেছেন।

এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আ ন ম শওকত হাবিব তালুকদার লজিক জানান, ইউনিয়নে আসা সরকারি অনুদানের পাশাপাশি যখন যে পারে সাহায্য সহযোগিতা করে থাকে। স্থায়ীভাবে সরকারি সহায়তা পাওয়ার ব্যাপারে চেষ্টাও করছেন তিনি।

কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা টুকটুক তালুকদার জানান, ১৩ বছর ধরে ২ ভাই বোনের পায়ে শিকলে বন্দি রাখার ব্যাপার তার অজানা ছিল। ২ এক দিনের মধ্যে আমি নিজে গিয়ে তাদের খোঁজখবর নেবো।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি