শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দেশে ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু-শনাক্ত আরও কমলো


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৮.২০২১

ডেস্ক রিপোর্টঃ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৫ হাজার ৫১৩ জনে। আর নতুন করে করোনা ৫ হাজার ২৪৯ জনের দেহে শনাক্ত হয়েছে করোনার উপস্থিতি। ফলে, মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ৭২ হাজার ৯৬৪ জনে। আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৪ হাজার ২২৯ জনের। পরীক্ষা করা হয়েছে ৩৪ হাজার ৭০৮টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৫ দশমিক ১২ শতাংশ। আর দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮৭ লাখ ২১ হাজার ১৪টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৮৯ শতাংশ।

বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে সবচেয়ে বেশি আছেন ঢাকা বিভাগের ৪২ জন। এ ছাড়া চট্টগ্রামে ২৯, রাজশাহীতে ৬, খুলনায় ১৩, বরিশালে ৫, সিলেটে ৯, রংপুরে ৬ এবং ময়মনসিংহে ৪ জন মারা গেছেন।

নারী ও পুরুষের হিসাবে দেখা গেছে, ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৫৬ জন পুরুষ এবং ৫৮ জন নারী। এদের মধ্যে বাসায় মারা গেছেন ৩ জন। বাকিরা হাসপাতালে মারা গেছেন। মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৬ হাজার ৬৪৬ জন এবং নারী ৮ হাজার ৮৬৭ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২৪ ঘণ্টায় ৬৭ জন ষাটোর্ধ্ব ব্যক্তি মারা গেছেন। এ ছাড়া ৫১ থেকে ৬০ বছরের ২৬, ৪১ থেকে ৫০ বছরের ১১, ৩১ থেকে ৪০ বছরের ৪, ২১ থেকে ৩০ বছরের ৪ এবং ১১ থেকে ২০ বছর বয়সী ১, শূন্য থেকে ১০ বছর বয়সী ১ জন মারা গেছেন।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি