দারুণ ফর্মে থেকেই প্যারাগুয়ের মুখোমুখি হয়েছিলো আর্জেন্টিনা। ফর্মের ছাপ দেখা গেছে সারা ম্যাচজুড়ে। একের পর এক আক্রমণে পুরো ম্যাচেই স্বাগতিক প্যারাগুয়েকে ব্যতিব্যস্ত করে রেখেছিলো আলবিসেলেস্তেরা। কিন্তু কাজের কাজ গোলের দেখা পায়নি তারা।
শুক্রবার ভোরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে প্যারাগুয়ের মাঠে খেলতে গিয়ে ফিনিশিং ব্যর্থতায় ভুগলো লিওনেল স্কালোনির শিষ্যরা। যে কারণে নবম ম্যাচের চতুর্থবারের মতো পয়েন্ট খোয়াতে হলো তাদের। বারবার আক্রমণ করেও গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়ে আর্জেন্টিনাকে।
অথচ এস্তাদিও ডিফেন্সেরো দেল চাকোতে একচ্ছত্র আধিপত্যই ছিলো লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়াদের। পুরো ম্যাচে ৭০ শতাংশ সময় বলের দখল নিজেদের কাছে রেখেছিলো তারা। গোলের জন্য ১৪টি শট করে তারা। যার মধ্যে ৮টিই ছিলো লক্ষ্য বরাবর। কিন্তু মেলেনি জালের দেখা।
আর্জেন্টিনার সঙ্গে সমানে সমান লড়তে না পারলেও, কম যায়নি প্যারাগুয়েও। পাল্টা আক্রমণে তারাও কঠিন পরীক্ষা নিয়েছে আর্জেন্টিনা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের। তাদের লক্ষ্য বরাবর শট ছিলো তিনটি। সবগুলোই ফিরিয়ে দিয়েছেন আর্জেন্টিনার গোলরক্ষক।
ম্যাচের শুরুতেই জোড়া সুযোগ তৈরি করেছিলো আর্জেন্টিনা। প্রথম মিনিটে জিওভানি লো সেলসো ও তৃতীয় মিনিটে ব্যর্থ হয় হোয়াকিন কোররেয়ার শট। পরের মিনিটেই অবশ্য আর্জেন্টিনার রক্ষণে হানা দেয় প্যারাগুয়ে। যেনো বুঝিয়ে দেয়, তারা ছেড়ে কথা বলবে না।
পরবর্তী দশ মিনিটের মধ্যে কোররেরা, ডি মারিয়ারা মিলে আরও বেশ কয়েকটি শট নেন। কিন্তু প্রতিটিই ফিরে আসে প্যারাগুয়ের রক্ষণ থেকে। ম্যাচের ২৬ মিনিটের সময় ডি-বক্সের বাইরে থেকে নেয়া মেসির ফ্রি কিক অল্পের জন্য বাইরে দিয়ে চলে যায়। ফলে আরও একবার হতাশায় পুড়তে হয় আর্জেন্টিনাকে।
প্রথমার্ধের বাকি সময়ে সে অর্থে আর সুযোগ মেলেনি। দ্বিতীয়ার্ধে ফিরে ৫৬ মিনিটের মাথায় আবার ফ্রি কিক পান মেসি। এবার অল্পের জন্য চলে যায় বারের ওপর দিয়ে। দুই মিনিট পর ডি মারিয়ার ক্রস থেকে মেসির বাম পায়ের শট ক্রসবার ঘেঁষে ঢুকে যাচ্ছিলো জালে। শেষ মুহূর্তে বাঁচিয়ে দেন প্যারাগুয়ের গোলরক্ষক।
ম্যাচের বাকি সময়ে আক্রমণ-পাল্টা আক্রমণে জমে উঠেছিলো ম্যাচ। কিন্তু দুই দলের কেউই নিজেদের তৈরি করা সুযোগকে গোলে পরিণত করতে পারেননি। ফলে গোলশূন্য অবস্থায় শেষ হয় ম্যাচ, পয়েন্ট ভাগাভাগি করে দুই দল।
এই ড্রয়ের পরেও অবশ্য নিজেদের দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। নয় ম্যাচে পাঁচ জয় ও চার ড্রয়ে তাদের সংগ্রহ ১৯ পয়েন্ট। প্যারাগুয়ে ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে রয়েছে ছয় নম্বরে।
এদিকে ভেনেজুয়েলার মাঠে গিয়ে শুরুতে গোল হজম করলেও, শেষ সময়ে গিয়ে জোড়া গোল করে ৩-১ ব্যবধানে জিতেই বাড়ি ফিরছে সেলেসাওরা।
শুক্রবার ভোরে ভেনেজুয়েলার অলিম্পিক স্টেডিয়ামে চলতি বিশ্বকাপ বাছাইয়ে টানা নবম জয় তুলে নিয়েছে ব্রাজিল। যার সুবাদে আরও পাকাপোক্ত হয়েছে পয়েন্ট টেবিলে তাদের শীর্ষস্থান। নয় ম্যাচে পূর্ণ ২৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা আর্জেন্টিনার চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
নিজেদের নবম ম্যাচে ভেনেজুয়েলার মুখোমুখি হয়ে মাত্র ১১ মিনিটের মধ্যেই গোল হজম করে বসে ব্রাজিল। সোতেলদো এগিয়ে দেয়া ক্রসে পেনাল্টি স্পটের কাছ থেকে দারুণ এক হেডারে স্বাগতিকদের এগিয়ে দেন দলের একমাত্র স্ট্রাইকার এরিক রামিরেজ।
শুরুতেই গোল হজম করে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে ব্রাজিল। কিন্তু বদল দখলে আধিপত্য কিংবা একের পর এক আক্রমণ করেও গোলের তালা ভাঙতে সক্ষম হয় না তারা। ফলে এক গোলে পিছিয়ে থেকেই যেতে হয় বিরতিতে।
দ্বিতীয়ার্ধে ফিরে ম্যাচের ৫৭ মিনিটের সময় জালের ঠিকানা খুঁজে নেন থিয়াগো সিলভা। কিন্তু রাফিনহার সেট পিসে জোরালো হেড দেয়ার সময় অফসাইডে ছিলেন তারকা ডিফেন্ডার। ফলে বাতিল হয়ে যায় সেই গোল, ম্যাচে পিছিয়েই থাকতে হয় ব্রাজিলকে।
তবে ৭১ মিনিটের সময় আরেক ডিফেন্ডার মার্কুইনহোসের গোলে স্বস্তি ফেরে ব্রাজিল ডাগআউটে। অভিষিক্ত রাফিনহার বাঁকানো কর্নার থেকে দারুণ এক হেডে জালের ঠিকানা খুঁজে নেন মার্কুইনহোস। এবার আর অফসাইডের পতাকা তোলার সুযোগ ছিলো না, সমতা ফেরে ম্যাচে।
১৯৬৯ সালের পর থেকে প্রতিযোগিতামূলক ম্যাচের ২৬ বারের দেখায় মাত্র তিনবার ভেনেজুয়েলার সঙ্গে ড্র করেছিলো ব্রাজিল। মনে হচ্ছিলো, আজকের ম্যাচেও হয়তো পয়েন্ট খোয়াতে হবে সেলেসাওদের। কিন্তু তা হতে দেননি গাবিগোল, অ্যান্টনিওরা।
ম্যাচের ৮৫ মিনিটের মাথায় পেনাল্টিতে গোল হজম করে ভেনেজুয়েলা। ডি-বক্সের মধ্যে গাবিগোল ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। গোলের সহজতম সুযোগ হাতছাড়া করেননি গাবিগোল। ফলে পাঁচ মিনিট বাকি থাকতে লিড পায় ব্রাজিল।
তবে ম্যাচের শেষ বাঁশি বাজার আগে ব্যবধান আরও বাড়িয়ে নেয় তারা। অতিরিক্ত যোগ করা সময়ের পঞ্চম মিনিটে রাফিনহার দ্বিতীয় এসিস্টে ব্রাজিলের তৃতীয় গোলটি করেন অ্যান্টনিও সান্তোস। যার সুবাদে ৩-১ গোলের ব্যবধানে বিশ্বকাপ বাছাইয়ে নয় ম্যাচে নবম জয় পায় ব্রাজিল।
























































