বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বেলজিয়ামকে কাঁদিয়ে ফাইনালে ফ্রান্স


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.১০.২০২১


স্পোর্টস ডেস্ক :

ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষে অবস্থান বেলজিয়ামের । আর চারে ফ্রান্স। দু’দলের মধ্যে যে ধুন্ধুমার লড়াই হবে সেটি চোখ বুঁজেই বলে দেয়া যায়। উয়েফা নেশনস লীগের সেমিফাইনালে এমনই এক রোমাঞ্চকর ম্যাচ উপহার দিলো বেলজিয়াম-ফ্রান্স। ধ্রুপদী লড়াইয়ে প্রথমার্ধে দুই গোলের লিড নেয় বেলজিয়ামরা। রবার্তো মার্টিনেজের দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতায় ফেরা যে, সহজ নয় সেটি অজানা নয় ফরাসিদের। তবে বিশ্বচ্যাম্পিয়নদের আটকাতে পারেনি বেলজিয়ানরা। দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় দিদিয়ের দেশমের দল।

প্রথমার্ধের শেষাংশে ইয়ানিক কারাসকো ও রোমেলু লুকাকুর গোলে লিড নেয় বেলজিয়াম। বিরতির পর করিম বেনজেমার এক গোল পরিশোধ করার পর ম্যাচে সমতা টানেন কিলিয়ান এমবাপ্পে। আর জয়সূচক গোলটি আসে নবাগত থিও হার্নান্দেজের পা থেকে। ফ্রান্স জাতীয় দলের হয়ে এটি তার দ্বিতীয় ম্যাচ আর প্রথম গোল।
মাঠে নামার সঙ্গে সঙ্গেই অবশ্য আরেকটি অসাধারণ কীর্তির অংশীদার হন থিও হার্নান্দেজ। এই ম্যাচে লুকাস হার্নান্দেজ এবং থিও হার্নান্দেজ দুই ভাইকে একইসঙ্গে একাদশে রাখেন দেশম। ফ্রান্সের হয়ে ৪৭ বছর পর একই ম্যাচে খেলতে নামলো দুই সহোদর। এর আগে ১৯৭৪ সালে রোমানিয়ার বিপক্ষে খেলেছিলেন দুই ভাই হার্ভে ও প্যাট্রিক রিভেই। হাই ভোল্টেজ ম্যাচটিতে সমানে সমান লড়াই করেছে বেলজিয়াম-ফ্রান্স। বল দখলে কিংবা আক্রমণে দু’দলেরই ছিল সমান প্রতিদ্বন্দ্বিতা। ৫২ শতাংশ বল দখলে রেখে ফ্রান্সের গোলবারের উদ্দেশ্যে ১১টি শট নেয় বেলজিয়াম। যার লক্ষ্যে ছিল ৬টি। অপরদিকে ৪৮ শতাংশ বল দখলে রেখে ১৬টি শটের ৬টি লক্ষ্যে রাখে ফ্রান্স। ম্যাচের তৃতীয় মিনিটেই দারুণ সুযোগ তৈরি করে বেলজিয়াম। তবে কেভিন ডি ব্রুইনার শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন ফ্রান্স গোলরক্ষক হুগো লরিস। তিন মিনিট পর পাল্টা আক্রমণে দ্রুত গতিতে ডি-বক্সে ঢুকে পড়েন কিলিয়ান এমবাপ্পে। তবে পিএসজি স্ট্রাইকারের প্রচেষ্টা রুখে দেন বেলজিয়ান ডিফেন্ডার জেসন দিনায়ার।
আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। ৩৭তম মিনিটে এগিয়ে যায় বেলজিয়াম। ডি ব্রুইনার পাস পেয়ে বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢুকে পড়েন কারাসকো। ফ্রান্সের দুই ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ শটে লক্ষ্যভেদ করেন অ্যাটলেটিকো মাদ্রিদের এই উইঙ্গার। আগেই অন্যদিকে ঝুঁকে পড়া লরিস পোস্ট ঘেঁষে যাওয়া বল ঠেকানোর সুযোগ পাননি। তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন রোমেলু লুকাকু। ৪০ মিনিটে ডি-ব্রুইনার পাস ধরে লক্ষ্যভেদ করেন চেলসি ফরোয়ার্ড।

বিরতি থেকে ফিরে গোল পরিশোধের সহজ সুযোগ নষ্ট করেন অঁতোয়ান গ্রিজম্যান। ৫৮তম মিনিটে ডান দিক দিয়ে একজনকে কাটিয়ে ডি-বক্সে ঢুকে এমবাপ্পে পাস দেন গোলমুখে। তিন গজ দূরে বল পেয়েও শরীরের ভারসাম্য হারিয়ে লক্ষ্যভ্রষ্ট শট নেন অ্যাটলেটিকো মাদ্রিদের এই ফরোয়ার্ড।
আক্রমণে ধার বাড়িয়ে ৬২তম মিনিটে সাফল্যের দেখা পায় ফ্রান্স। বাঁ প্রান্ত দিয়ে একজনকে কাটিয়ে বেনজেমাকে পাস দেন এমবাপ্পে। রিয়াল মাদ্রিদ স্ট্রাইকারকে ডি-বক্সে বেলজিয়ামের পাঁচ ফুটবলার বোতলবন্দি করে ফেলে। প্রতিপক্ষের খেলোয়াড়দের পায়ের ফাঁক দিয়ে বল জালে পাঠান বেনজেমা।
৬৯তম মিনিটে ম্যাচে সমতা ফেরান এমবাপ্পে। ডি-বক্সে গ্রিজম্যানকে বেলজিয়ান মিডফিল্ডার ইউরি টিলেমানস পেছন থেকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। বুলেট গতির স্পটকিকে লক্ষ্যভেদ করেন এমবাপ্পে। ৮৭তম মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে গোল করেন লুকাকু। তবে অফসাইডের খড়গে বাতিল হয় সেটি। দুই মিনিট পর পল পগবার ফ্রি-কিক শট অল্পের জন্য জালে যায়নি। পোস্টে লেগে ফেরত আসে। নির্ধারিত সময়ের শেষ মিনিটে ফ্রান্সের ত্রাতা হয়ে ওঠেন নবীন থিও হার্নান্দেজ। বেলজিয়ামের রক্ষণ বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে ডি-বক্সে বল পেয়ে যান তিনি। এরপর দারুণ শটে বল জালে পাঠিয়ে জয় ছিনিয়ে আনেন এসি মিলানের এই ডিফেন্ডার।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি