শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লার লাকসামে স্বামীর মৃত্যুর খবর শুনে চলে গেলেন স্ত্রীও


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.১০.২০২১

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার লাকসামে স্বামীর মৃত্যুর খবর শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে স্ত্রীও মারা গেছেন। রোববার (২৪ অক্টোবর) সন্ধ্যার দিকে তাদের মৃত্যু হয়।

মৃতরা হলেন- লাকসাম পৌরসভার ১নং ওয়ার্ডের শ্রীপুর উত্তরপাড়া গ্রামের মো. শাহজাহান আলী (৬০) ও তার স্ত্রী কোহিনূর বেগম (৪৫)।

মৃত শাহজাহান আলীর শ্যালক জাবেদ হোসেন জানান, গত কয়েকদিন ধরে শাহজাহান আলী জ্বরে ভুগছিলেন। রোববার সন্ধ্যায় হঠাৎ জ্বর বেড়ে যায়। পরে তাকে দ্রুত লাকসাম আল বারাকা হাসপাতালে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উপজেলার সরকারি হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। সরকারি হাসপাতালে নেওয়ার পর সেখানকার কর্তব্যরত চিকিৎসক শাহজাহানকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, ‘দুলাভাইয়ের (শাহজাহান) মৃত্যুর খবর বাড়িতে পৌঁছালে আমার বোন কোহিনূর বেগম অসুস্থ হয়ে পড়েন। হৃদরোগে আক্রান্ত হয়ে বাড়িতেই মারা যান তিনি।’

জাবেদ জানান, শাহজাহান-কোহিনূর দম্পতির তিন ছেলে ও দুই মেয়ে রয়েছে। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আগামীকাল সোমবার (২৫ অক্টোবর) বেলা ১১টার দিকে তাদের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি