শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লার নাঙ্গলকোটে অর্থের জন্য বৃদ্ধ নারীকে ছুরিকাঘাতে হত্যা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.১০.২০২১

কামাল হোসেন জনিঃ

কুমিল্লার নাঙ্গলকোটে অজ্ঞাত দুর্বৃত্ত কর্তৃক জবা আক্তার (৭০) নামে এক বৃদ্ধাকে মুখে বালিশ চাপা দিয়ে এবং গলায় ছুরিকাঘাত করে হত্যা করার ঘটনা ঘটেছে।

সোমবার রাতে উপজেলার ঢালুয়া ইউনিয়নের চাঁন্দলা গ্রামের মিজানের বাড়িতে ঘটনাটি ঘটেছে।

তিনি উপজেলার ঢালুয়া ইউনিয়নের চাঁন্দলা গ্রামের মৃত আবদুর রশিদের স্ত্রী।

ধারণা করা হচ্ছে, অজ্ঞাত দুর্বৃত্তরা সোমবার রাতের কোন এক সময় জবা বেগমের দালান ঘরে ঢুকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যাওয়ার সময় বৃদ্ধা জবা বেগম তাদেরকে চিনে ফেলায় তাকে ছুরিকাঘাত করে হত্যা করে তারা পালিয়ে যায়। এসময় বৃদ্ধা নারীর কক্ষের আলমারি তছনছ অবস্থায় পাওয়া যায়। তার ৫ ছেলে ও ৪ মেয়ে রয়েছে। চার ছেলে প্রবাসে অবস্থান করছেন। অন্য এক ছেলে নুরুল আমিন বাবলু ঢাকা একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরি করেন।

চৌদ্দগ্রাম সার্কেল সহকারি পুলিশ সুপার ( এ এস পি) জাহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জবা বেগম বাড়ির দালান ঘরে একা বসবাস করতেন। সোমবার সন্ধ্যায় তাকে মুখে বালিশ চাপা দিয়ে এবং গলায় ছুরিকাঘাত করে হত্যা করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। মঙ্গলবার সকালে তার মেঝ ছেলে প্রাবসী জসিম উদ্দিনের স্ত্রী স্বপ্না বেগম নাস্তা দিতে গিয়ে খাটের উপর বালিশ চাপা দেয়া অবস্থায় শ্বাশুড়িকে খাটে শুয়ে থাকতে দেখেন। পরে তিনি বালিশ উঠিয়ে রক্তাক্ত অবস্থা দেখতে পেয়ে চিৎকার দেন।

জবা বেগমের বড় ছেলে নুরুল আমিন বাবলু বলেন, আমি মায়ের হত্যাকান্ডের কথা শুনে ঢাকা থেকে বাড়িতে আসি। আমার মায়ের দুই জোড়া স্বর্ণের কানের দুল এবং ২টি স্বর্ণের চেইন ছিল। এছাড়া মায়ের নিকট আমাদের পুকুর লিজের প্রায় ২ লক্ষাধিক টাকা ছিল।
নাঙ্গলকোট থানার উপ-পরিদর্শক (এস আই) ইয়ামিন সুমন বলেন. ধারণ করা হচ্ছে, বৃদ্ধা নারী চোরদের চিনে ফেলায় তাকে হত্যা করা হয়েছে।

নাঙ্গলকোট থানার চলতি দায়িত্বপ্রাপ্ত ওসি (অফিসার ইনচার্জ ) রকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ অবস্থান করে সুরতহাল প্রতিবেদন তৈরী করছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ঘটনাটি তদন্ত করে ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। সি আই ডির ক্রাইম সিন টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি