বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লার ঘটনায় জড়িতদের নামের তালিকা সিআইডির হাতে হস্তান্তর করা হয়েছে


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.১০.২০২১

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ের অস্থায়ী পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখার ঘটনায় প্রধান অভিযুক্ত হিসেবে গ্রেফতার ইকবাল হোসেনসহ চারজনকে সাতদিনের জিজ্ঞাসাবাদে ব্যাপক তথ্যপ্রমাণ পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

এ ঘটনায় ইকবালসহ চারজনের সাতদিনের রিমান্ড শেষ হলে শুক্রবার (২৯ অক্টোবর) বিকেল পৌনে ৩ টায় কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা সুলতানার আদালতে তাদের হাজির করে পুনরায় সাতদিনের রিমান্ড চাইলে তিনি পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

সিআইডির কুমিল্লার পুলিশ সুপার (এসপি) খান মোহাম্মদ রেজওয়ান বলেন, গত ২৪ অক্টোবর রাতে পুলিশ সদর দপ্তরের নির্দেশে মামলাটি তদন্তের স্বার্থে সিআইডিতে হস্তান্তর করা হয়েছে। এরপর থেকে ধর্ম অবমাননার মামলাটি গুরুত্ব দিয়ে তদন্ত করছি আমরা।

তিনি বলেন, মামলার প্রধান অভিযুক্ত ইকবাল হোসেন, ৯৯৯ নম্বরে পুলিশকে কল দেওয়া রেজাউল ইসলাম ইকরাম, দারোগা বাড়ি মাজার মসজিদের সহকারী খাদেম ফয়সাল ও হুমায়ুন কবির সানাউল্লাহর কাছে সাতদিনের রিমান্ডে ব্যাপক তথ্যপ্রমাণ পাওয়া গেছে।

পুলিশ সুপার বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের নামের তালিকা বর্তমানে আমাদের হাতে রয়েছে। তা যাচাই-বাচাই করে দেখা হচ্ছে। তবে তদন্তের স্বার্থে সেসব তথ্য বলা যাচ্ছে না। নিখুঁত তদন্তের জন্যে আদালত চার আসামিকে আরও পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছে। রিমান্ড শেষে আপনাদের (সাংবাদিকদের) বিস্তারিত জানানো হবে বলে জানান সিআইডির এ কর্মকর্তা।

এর আগে, গত ২১ অক্টোবর রাত সাড়ে ১০ টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকত এলাকার সুগন্ধা পয়েন্ট থেকে ইকবালকে গ্রেফতার করে পুলিশ। ওই রাতেই কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকারের নেতৃত্বে পুলিশের একটি টিম কক্সবাজার থেকে ২২ অক্টোবর দুপুরে তাকে কুমিল্লা পুলিশ লাইনে এনে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়।

পরে ২৩ অক্টোবর দুপুরে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিথিলা জাহান নিপার আদালতে ইকবালসহ চারজনকে হাজির করে ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। শুনানি শেষে আদালত তাদের প্রত্যেকের সাতদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে, পূজামণ্ডপে পবিত্র কোরআন পাওয়ার ঘটনাকে কেন্দ্র করে গত ১৩ অক্টোবর মন্দিরে হামলা ও ভাঙচুরের ঘটনায় কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ বাদী হয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও কোরআন অবমাননার অভিযোগে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা করেন।

পূজামণ্ডপ ভাঙচুরের ঘটনায় কুমিল্লার বিভিন্ন থানায় এ পর্যন্ত ১১ টি মামলা হয়েছে। এর মধ্যে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় সাতটি, কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় দুটি এবং দাউদকান্দি ও দেবীদ্বার থানায় একটি করে মামলা হয়েছে। এসব মামলায় শুক্রবার (২৯ অক্টোবর) পর্যন্ত ৮৯ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি