মঙ্গলবার,২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » রাজনীতি » বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি করায় পৌর মেয়র আব্বাস আ’লীগ থেকে বহিষ্কার


বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি করায় পৌর মেয়র আব্বাস আ’লীগ থেকে বহিষ্কার


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.১১.২০২১

ডেস্ক রিপোর্ট:

রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীর একটি অডিও ক্লিপ ভাইরাল হওয়ার পর উত্তপ্ত হয়ে উঠেছে স্থানীয় রাজনীতির মাঠ। ক্লিপটিকে তাকে বলতে শোনা যায়, বঙ্গবন্ধুর ম্যুরাল করা ‘পাপ হবে’। মেয়র আব্বাসের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মাঠে নেমেছেন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, মুক্তিযোদ্ধা ও জনপ্রতিনিধিরা। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে নগরীর বোয়ালিয়া মডেল থানায় মামলাও হয়েছে। এমনকি তাকে কাটাখালি পৌর আওয়ামী লীগের আহ্বায়কের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

অডিও ক্লিপ ছড়িয়ে পড়ার পর থেকেই লোকচক্ষুর আড়ালে চলে গেছেন মেয়র আব্বাস আলী। তিনি অফিস করছেন না। মোবাইল ফোনও বন্ধ। আব্বাসের শ্বাশুড়ি ফাহিমা বেগম পবার পারিলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী হয়েছেন। আগে ভোটের মাঠে আব্বাস আলী ব্যস্ত থাকলেও গত মঙ্গলবার থেকে তাকে দেখা যাচ্ছে না। কয়েকজন ঘনিষ্ঠ ব্যক্তির সঙ্গে কথা বলেও জানা যায়নি আব্বাস আলী এখন কোথায় আছেন। তবে মঙ্গলবার সন্ধ্যায় ফেসবুকে একটি পোস্ট দিয়ে আব্বাস আলী বলেছেন, অডিওটি এডিট করা। এসব কথা তিনি কাউকে বলেননি। তিনি বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করেন।

এক সংবাদ সম্মেলন থেকে মেয়র আব্বাসকে দল ও মেয়রের পদ থেকে অপসারণের দাবি জানিয়েছে রাজশাহী মহানগর আওয়ামী লীগ। পৌর মেয়র আব্বাস আলী ধৃষ্টতাপূর্ণ অবমাননাকর মন্তব্য করায় তার শাস্তি চেয়ে বৃহস্পতিবার (২৫ নভেম্বর) এ সংবাদ সম্মেলন করা হয়। বলা হয়, ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমসহ মিডিয়াতে আব্বাস আলীর মন্তব্য প্রচার হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির অনুভূতি ও আবেগের জায়গা। তাকে নিয়ে কটূক্তি ও অশোভন মন্তব্য করা রাষ্ট্রদ্রোহিতার শামিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আব্বাসের এমন কটূক্তি ও অবমাননাকর মন্তব্যে সারাদেশের মানুষের মতো মহানগর আওয়ামী লীগ চরমভাবে মর্মাহত।

আরও বলা হয়, এএইচএম খায়রুজ্জামান লিটন রাজশাহী মহানগরীকে আধুনিক তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তুলতে সু-শোভায় সজ্জিত করার লক্ষ্যে রাজশাহী মহানগরের মূলপ্রবেশ দ্বারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপনের পাশাপাশি সৌন্দর্য বর্ধনের পরিকল্পনা গ্রহণ করেন। এর পরিপ্রেক্ষিতে বঙ্গবন্ধুর ম্যুরালকে নিয়ে আব্বাসের ঔদ্ধত্যপূর্ণ অবমাননাকর মন্তব্য জাতি সমর্থন করে না। তার এমন কুরুচিপূর্ণ মন্তব্য দেশের সুষ্ঠু রাজনীতির পরিবেশকে অস্থিতিশীল করতে ইন্ধন যোগাবে বলে মনে করে রাজশাহী মহানগর আওয়ামী লীগ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি