শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


টঙ্গীতে নিজ ঘর থেকে মিলল গৃহবধূর ঝুলন্ত লাশ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.১২.২০২১

ডেস্ক রিপোর্ট:

গাজীপুরের টঙ্গীতে নিজ ঘর থেকে নেলি আক্তার (৩২) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার রাত ১২ টার দিকে উপজেলার সাতাইশ ব্যাংকপাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

সোমবার সকালে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত নেলি আক্তার নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার জানজাইল গ্রামের মৃত ওয়াজেদ আলী খানের মেয়ে। তিনি তার স্বামী সাইদুল ইসলামের সঙ্গে ওই ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।

এলাকাবাসী জানান, নেলি আক্তার কিছু দিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। তিনি কারও সঙ্গে কথাবার্তা বলতেন না।

রোববার সকাল ৮ টার দিকে তার স্বামী নিজ কর্মস্থল ফ্যাশন স্ট্যাট নামক পোশাক কারখানায় চলে যান। দুপুর দেড়টায় খাবার খেতে বাসায় ফিরে স্ত্রীকে বিছানায় শোয়া অবস্থায় দেখতে পান। খাবার খেয়ে তিনি পুনরায় অফিসে চলে যান। পরে ডিউটি শেষে রাত সোয়া ১০ টার দিকে বাসায় ফিরে ঘরের দরজা বন্ধ দেখে স্ত্রীকে ডাকাডাকি করেন।

এ সময় তার কোনো সাড়া না পেয়ে বিষয়টি আশপাশের ভাড়াটিয়া ও থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে ঘরের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

টঙ্গী পশ্চিম থানার এসআই নজরুল ইসলাম জানান, নিহতের গলায় ফাঁস লাগানোর দাগ ছাড়া শরীরে অন্য কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাহ আলম বলেন, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা প্রক্রিয়াধীন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি