শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » টাকা জোগাড়ে বিলম্ব হওয়ায় টিউমার রেখেই সেলাই দিলেন চিকিৎসক


টাকা জোগাড়ে বিলম্ব হওয়ায় টিউমার রেখেই সেলাই দিলেন চিকিৎসক


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.১২.২০২১

ডেস্ক রিপোর্ট:

সিজারিয়ান অপারেশনে বাচ্চা প্রসব করানোর সময় দেখা গেলো প্রসূতির পেটে টিউমার। ওই এসময় এই টিউমার বের করতে চিকিৎসক চাইলেন বাড়তি তিন হাজার টাকা। আর টাকা জোগাড় করতে দেরি হওয়ায় প্রায় একঘন্টা অপেক্ষার পর টিউমার বের না করেই পেটে সেলাই করে দিলেন চিকিৎসক। মানিকগঞ্জের হেলথ কেয়ার নামের একটি বেসরকারী হাসপাতালে এ ঘটনা ঘটেছে।

ওই চিকিৎসকের নাম ডাঃ খায়রুল হাসান। স্থানীয় ডক্টরস ক্লিনিক নামের অপর একটি হাসপাতালে তিনি চেম্বার করেন। হেলথ কেয়ার হাসপাতালের কলে তিনি এসেছিলেন।

এ ব্যাপারে মানিকগঞ্জের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ লুৎফর রহমানা বলেন, ‘এটা অমানবিক। চিকিৎসা একটি মানবিক পেশা। তিনি জানান এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটি রিপোর্ট দেবে। ’

গত শুক্রবার দুপুরে জেলার সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গী গ্রামের আফরোজা আক্তাররকে হেলথ কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। আফরোজা আক্তারের স্বামী নাঈম হাসান জানান ‘প্রসব যন্ত্রনা উঠায়, রাত দুইটার দিকে তাকে নেওয়া হয় অপারেশন থিয়েটারে। ৪৫ মিনিট পর্যবেক্ষণের পর অপারেশন শুরু করেন চিকিৎসক। একটি সুস্থ কন্যা শিশু হয় জন্ম নেয়। এসময় ডাঃ খায়রুল হাসান বলেন, রোগীর পেটে টিউমার আছে, অপারেশন করতে হবে। সেজন্য তিনি বাড়তি তিন হাজার টাকা চান। কিন্তু তৎক্ষণাৎ টাকা না থাকায় সকালে দেওয়ার কথা বলি। কিন্তু ডাঃ খায়রুল হাসান রাজি না হয়ে প্রায় এক ঘন্টাপর আমার স্ত্রীর পেট সেলাই করে চলে যান।”

এ ব্যাপারে হেলথ কেয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান বলেন, ‘আমিও ডাঃ খায়রুলকে অনুরোধ করেছিলাম। এমনকি বলেছিলাম রোগীর লোকজন টাকা না দিলে আমিই দিয়ে দেব। কিন্তু তিনি তাতেও রাজি না হয়ে চলে যান।’

এ বিষয়ে ডাঃ খায়রুলের সাথে যোগাযোগের জন্য তার ক্লিনিক ডক্টরস ক্লিনিকে গিয়ে তাকে পাওয়া যায়নি। অনেকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি