বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বৈদেশিক কর্মসংস্থান ও রেমিটেন্সে কুমিল্লা শীর্ষে


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০১.২০২২

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা জেলা ২০২১ সালেও বৈদেশিক কর্মসংস্থানে শীর্ষে স্থান ধরে রেখেছে। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো’র তথ্য অনুযায়ী, ২০২১ সালে কুমিল্লা জেলা থেকে সর্বাধিক সংখ্যক আন্তর্জাতিক অভিবাসন হয়েছে ৬৮,৫৩৯ জনের যা মোট অভিবাসনের প্রায় ১১ দশমিক ১০ শতাংশ। ব্রাহ্মণবাড়িয়া থেকে ৪৫,২৪৩ যা মোট অভিবাসনের ৭ দশমিক ৩৩ শতাংশ। এর পরে রয়েছে চাঁদপুর ২৭,১০৭ যা মোট অভিবাসনের ৪ দশমিক ৩৯ শতাংশ। এ ছাড়া কিশোরগঞ্জ ২৬,০২০ জন, নোয়াখালী ২৫,৮৭৭ জন, টাঙ্গাইল ২৫,২০১ জন, চট্টগ্রাম ২৪,৭৬৯ জন, নরসিংদী ২৪,৭২১ জন, ঢাকা ২২,৪৩৪ জন, এবং লক্ষ্মীপুর ১৯,৬৩১ জন । কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক দেবব্রত ঘোষ এ সব তথ্য জানান।

তিনি আরও জানান, ২০২১ সালে বাংলাদেশ থেকে পৃথিবীর প্রায় ১৬৯টি দেশে ৬ লক্ষ ১৭ হাজার ২০৯ জন কর্মী চাকুরি নিয়ে বিদেশ গমন করেছেন। মহামারী করোনার প্রকোপে ২০২০ সালে বৈদেশিক কর্মসংস্থান হয়েছিল মাত্র ২ লাখ ১৭ হাজার ৬৯৯ জনের। ২০২০ সালে সামগ্রিকভাবে অভিবাসনের প্রবাহ আগের বছরের তুলনায় ৬৯ শতাংশ কমে গিয়েছিল। ২০১৯ সালে বৈদেশিক কর্মসংস্থান হয়েছিল ৭ লাখ ১৫৯ জনের।

দেবব্রত ঘোষ বলেন, রেমিটেন্স আহরণেও কুমিল্লা জেলা দেশের অন্যতম শীর্ষ। বাংলাদেশ ব্যাংকের হিসাব মতে, ২০২১ সালে প্রবাসী বাংলাদেশি কর্মীদের প্রেরিত রেমিটেন্সের পরিমাণ ২২,০৭০.৮ মিলিয়ন মার্কিন ডলার। ২০২১ সালে রেমিটেন্স আহরণে শীর্ষ ১০ জেলা ঢাকা ৬৬৬৮.৭ মিলিয়ন মার্কিন ডলার, কুমিল্লা ১২৫৪.৮ মিলিয়ন মার্কিন ডলার, চট্টগ্রাম ১২২৩.৬ মিলিয়ন মার্কিন ডলার, সিলেট ১২০৪.৩ মিলিয়ন মার্কিন ডলার, ব্রাহ্মণবাড়িয়া ৭৩১.১ মিলিয়ন মার্কিন ডলার, নোয়াখালী ৬৬৮.৩ মিলিয়ন মার্কিন ডলার, চাঁদপুর ৫৫৬.৬ মিলিয়ন মার্কিন ডলার, ফেনী ৫৩৬.৯ মিলিয়ন মার্কিন ডলার, টাঙ্গাইল ৪৮৩.৯ মিলিয়ন মার্কিন ডলার এবং মৌলভীবাজার ৪৫৪.৩ মিলিয়ন মার্কিন ডলার।

তিনি প্রবাসী কর্মীদের পাঠানো রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতিতে এবং আর্থসামাজিক বিকাশে অন্যতম অনুঘটক হিসেবে কাজ করছে বলে উল্লেখ করেন। প্রবাসী কর্মীদের রেমিটেন্স একদিকে যেমন সামষ্টিক অর্থনীতির ভিতকে শক্তিশালী করছে, তাদের পাঠানো অর্থ দারিদ্র্য বিমোচন, খাদ্য নিরাপত্তা, শিশুর পুষ্টি ও শিক্ষার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। চলমান মহামারী পরিস্থিতি আমাদের অর্থনীতিকে যে ঝুঁকির সম্মুখীন করেছে, তা মোকাবেলার ক্ষেত্রেও রেমিটেন্সের অবদান উল্লেখযোগ্য। দেবব্রত ঘোষ কুমিল্লা জেলা তথা দেশের সকল বিদেশগনেচ্ছু, বিদেশগামী এবং বিদেশ ফেরত কর্মীগণের এবং তাদের পরিবারের অসামান্য অবদানের জন্য গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি