শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » বাংলাদেশ » যৌতুক না পেয়ে গৃহবধূর হাত-পা বেঁধে মাথা ন্যাড়া করে দিল স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন


যৌতুক না পেয়ে গৃহবধূর হাত-পা বেঁধে মাথা ন্যাড়া করে দিল স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০২.২০২২

ডেস্ক রিপোর্ট:

লক্ষ্মীপুরে যৌতুক না পেয়ে এক গৃহবধূকে হাত-পা বেঁধে মাথা ন্যাড়া করে দেয়ার অভিযোগ উঠেছে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে সবাই। এ ঘটনায় ননদ পাখী বেগমকে আটক করেছে পুলিশ পুলিশ বলছে, ঘটনাটি ন্যক্কারজনক। এ বিষয়ে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

জানা যায়, সাড়ে ৩ বছর আগে তাদের বিয়ে হয়। কিছুদিন অতিবাহিত হলেই তার শশুরবাড়ির লোকজন ৩ লাখ টাকা যৌতুক দাবি করে। তা দিতে অপারগতা প্রকাশ করলে বিভিন্ন সময়ে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন তার শাশুড়ী, ননদ ও স্বামী হাসান।

গত রোববার রাতে দাবিকৃত ৩ লাখ টাকা না দেয়ায় স্বামী, শাশুড়ী ও ননদ তাকে ঘরে আটক করে রাখে বলে অভিযোগ করেন ভুক্তভোগী ওই নারী। পরে শারীরিক নির্যাতন চালানো হয়।

ঘরে বেঁধে রেখে পালিয়ে যায় সবাই। খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য মনির হোসেন সজীবসহ এলাকাবাসী তাকে উদ্ধার করে। বর্তমানে ওই নারী পুলিশি হেফাজতে রয়েছে। এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন ভুক্তভোগী, স্বজন ও এলাকাবাসী।

এদিকে যৌতুক দাবিতে মাথা ন্যাড়া করে নির্যাতনের ঘটনা অস্বীকার করেন ভুক্তভোগীর ননদ পাখি বেগম। গ্রেপ্তারের আগে সাংবাদিকদের বলেন, পারিবারিক কলহের কারণে তার স্বামী চুল কেটে দেয়। এ ঘটনার সঙ্গে তিনি জড়িত নন।

চররমনী ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মনির হোসেন সজীব বলেন, যৌতুকের জন্য প্রায় ওই গৃহবধূকে নির্যাতন করতেন স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন। ঘটনার দিন ৩ লাখ টাকা যৌতুক না পেয়ে তার মাথা ন্যাড়া ও শারীরিক নির্যাতন চালানো হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশকে বিষয়টি জানাই।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) পলাশ কান্তি নাথ জানান, এ ঘটনায় ননদ পাখী বেগমকে আটক করেছে পুলিশ। এ ঘটনার সঙ্গে আরও কারা জড়িত তাদের চিহ্নিত করে গ্রেপ্তার অভিযান চলছে। এ বিষয়ে মামলার প্রস্তুতিও চলছে বলে জানান তিনি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি