রবিবার,৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


রমজান উপলক্ষে আরব আমিরাতে সাপ্তাহিক ছুটি তিন দিন


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৪.২০২২

আন্তর্জাতিক ডেস্ক:

সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যে আজ থেকে শুরু হয়েছে পবিত্র রমজান মাস। রমজান মাস উপলক্ষে দেশটিতে সপ্তাহে তিন দিন ছুটি উপভোগ করবেন একাধিক শহরের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। এছাড়াও বাকি চার কর্মদিবসেও কমানো হয়েছে কাজের সময়।

শুক্রবার দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের সাত আমিরাতের মধ্যে অন্যতম উম্ম আল কোয়াইনে রমজান উপলক্ষে তিন দিন সাপ্তাহিক ছুটি ঘোষণা করা হয়েছে। পবিত্র এ মাসে প্রতি শুক্র, শনি ও রবিবার ছুটি পাবেন সেখানকার সরকারি কর্মীরা।

এছাড়াও সপ্তাহের বাকি চারদিন অর্থাৎ সোমবার থেকে বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৯টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত সরকারি অফিসগুলো খোলা থাকবে।

আমিরাতের সুপ্রিম কাউন্সিলের সদস্য ও উম্ম আল কোয়াইনের শাসক শেখ সৌদ বিন রশিদ আল মুআল্লার নির্দেশে এই সংক্ষিপ্ত কর্মদিবস ঘোষণা করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

মধ্যপ্রাচ্যের দেশটির অন্য আমিরাতগুলোর মতো উম্ম আল কোয়াইনেও চলতি বছরের শুরু থেকে সংক্ষিপ্ত কর্মসপ্তাহ চালু ছিল। শুক্রবার অর্ধদিবস এবং শনি ও রোববার পূর্ণদিবস সাপ্তাহিক ছুটি পালিত হয় সেখানে। সম্প্রতি শারজাহও তিন দিনের সাপ্তাহিক ছুটির নিয়ম চালু করেছে।

রমজান মাসে সংযুক্ত আরব আমিরাতের কেন্দ্রীয় সরকারি অফিসগুলো সোমবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত খোলা থাকবে। আর শুক্রবার কাজ চলবে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। এছাড়া, বেসরকারি খাতের কর্মীদের জন্যেও দৈনিক কাজের সময় দুই ঘণ্টা কমানো হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি