মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সেল্টাকে হারিয়ে সুপার কাপের পথে বার্সা


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৫.২০২২

স্পোর্টস ডেস্ক:

শিরোপাহীন মৌসুম কেটেছে বার্সেলোনার। ব্যর্থতায় মোড়ানো পথচলায় ব্লাউগ্রানাদের একমাত্র প্রাপ্তি চ্যাম্পিয়নস লীগের টিকিট। জাভি হার্নান্দেজের লক্ষ্য এখন সুপার কাপে জায়গা করে নেয়া। সেই লক্ষ্য পূরণের মিশনে সেল্টা ভিগোর বিপক্ষে জয় পেলো কাতালানরা। মঙ্গলবার ন্যু-ক্যাম্পে ৩-১ গোলের জয় পায় বার্সেলোনা। দাপুটে জয় পেলেও দলের খেলায় সন্তুষ্ট নন কোচ জাভি হার্নান্দেজ।

প্রথমার্ধে মেম্ফিস ডিপাই এবং পিয়েরে-এমেরিক অবামেয়াংয়ের নৈপুণ্যে ২ গোলের লিড পায় বার্সা। বিরতি থেকে ফিরেই আবার গোল পান গ্যাবন অধিনায়ক অবামেয়াং। এরপর ইয়াগো আসপাসের গোলে ব্যবধান কমলেও ম্যাচে ফিরতে পারেনি সেল্টা ভিগো।

ম্যাচ হারলেও আক্রমণে বার্সার ওপর আধিপত্য দেখায় সেল্টা ভিগো। ৪৬ শতাংশ বল দখলে রেখে ১৩টি শটের ৫টি লক্ষ্যে রাখে। অপরদিকে বার্সা ১০টি শটের ৪টি রাখে লক্ষ্যে।

ম্যাচ শেষে জাভি বলেন, ‘সত্যি বলতে, এটা ভালো ম্যাচ ছিল না

আমরা ভালো খেলতে পারিনি। তাদের একজন লাল কার্ড দেখার পর আমরা সুবিধা পেয়েছি। কিন্তু এর আগে ধুঁকতে হয়েছে।’
সুপার কাপে জায়গা পেতে হলে স্প্যানিশ লা লিগায় রানার্সআপ হতে হবে বার্সাকে। জাভি বলেন, ‘খুব গুরুত্বপূর্ণ জয় এটি। বিশেষ করে যখন আপনি বাজে খেলেও জয় পান। আমাদের আরো ভালো করতে হবে। এটা ভালো পারফরম্যান্স না হলেও কমপক্ষে আমরা জয় তো পেয়েছি।’

ম্যাচের ৩০তম মিনিটে বার্সাকে এগিয়ে দেন মেম্ফিস ডিপাই। মাঝমাঠ থেকে ওসমানে দেম্বেলের দারুণ ড্রিবলিংয়ের পর ফাঁকা জায়গায় বল পান ডিপাই। তার জোরালো শটে শুধু হাত ছোঁয়াতে পেরেছেন সেল্টা ভিগোর গোলরক্ষক।

বিরতিতে যাওয়ার আগে ৪১ মিনিটে ব্যবধান বাড়ান অবামেয়াং। বিরতি থেকে ফিরে তিন মিনিটের মধ্যে স্কোরলাইন ৩-০ করেন তিনি।
ম্যাচের ৫০ মিনিটে বার্সার রক্ষণের ভুলে পাওয়া সুযোগে ব্যবধান কমান সেল্টা ভিগোর আসপাস। ৭৭ মিনিটে আরেক গোল করেছিলেন বার্সার রিকি পুইগ। তবে অফসাইডের খড়গে বাতিল হয় গোলটি।

৩৬ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে লা লিগা টেবিলের দুইয়ে রয়েছে বার্সেলোনা। ৩৫ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে তিনে সেভিয়া। রানার্সআপ হতে হলে বাকি দুই ম্যাচে জয় পেতে হবে বার্সাকে। ৮১ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা রিয়াল শিরোপা জিতেছে আগেই।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি