শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


যৌতুক চেয়ে নির্যাতন, দুই সন্তান নিয়ে ৩ বোনের আত্মহত্যা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৫.২০২২

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের রাজস্থানে যৌতুকের দাবিতে নির্যাতনের শিকার আপন ৩ বোন ২ সন্তানসহ আত্মহত্যা করেছেন। শনিবার তাদের মরদেহ বাড়ির পাশে একটি কুয়া থেকে উদ্ধার করা হয়।

খবরে বলা হয়েছে, গত বুধবার থেকে ২ সন্তানসহ নিখোঁজ ছিলেন আত্মহত্যাকারী ৩ বোন। রাজস্থানের দুদু জয়পুর জেলার চাপিয়া গ্রামে একই পরিবারের ৩ ভাইয়ের সঙ্গে তাদের বিয়ে হয়েছিল।

নিহতদের নাম কালু মিনা (২৫), মমতা (২৩) এবং কমলেশ (২০), হারসিত ও তার বোন। হারসিত ও তার বোনের (২৭ দিনের নবজাতক) মা কালু। মমতা ও কমলেশ অন্তঃসত্ত্বা ছিলেন।

তাদের আত্মহত্যার কারণ যৌতুকের দাবিতে নির্যাতন। বিয়ের পর থেকেই ৩ বোন তাদের শ্বশুরবাড়ির লোকজনের হাতে নির্যাতিত হয়ে আসছিলেন।

শনিবার সন্তানসহ ৩ বোনের মরদেহ উদ্ধারের পর তাদের স্বামী ও শ্বশুর-শাশুড়িকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহতদের পরিবারের অভিযোগ, ২ সপ্তাহ আগেও নির্যাতনের শিকার হয়েছিলেন কালু। তার চোখে গুরুতর আঘাত লাগে। সম্প্রতি তিনি হাসপাতাল থেকে বাড়ি ফেরেন। বিয়ে হলেও পড়াশোনার ব্যাপারে প্রবল আগ্রহ ছিল ৩ বোনের। কালু স্নাতক চূড়ান্ত বর্ষে পড়তেন, মমতা রাজ্য পুলিশের পরীক্ষায় পাস করেছিলেন ও কমলেশ ভর্তি হয়েছিলেন এক কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি