স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ১২১ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।
বৃহস্পতিবার (৯ জুন) সন্ধ্যায় কুমিল্লার আলেখারচর বিশ্বরোড এলাকায় অভিযান চালিয়ে ৮৭ কেজি গাঁজাসহ একজনকে আটক করা হয়। সে বুড়িচং উপজেলার নাজিরা বাজার ঘোষনগর (উত্তর পাড়া) গ্রামের মৃত মোহাম্মদ হোসেনের ছেলে মোঃ ফরহাদ হোসেন (৩২)।
শুক্রবার (১০ জুন) সকালে পৃথক আরেকটি অভিযানে কুমিল্লার কাপ্তান বাজার এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেলে করে মাদক পরিবহনের সময় ১২ কেজি গাঁজাসহ একজনকে আটক করা হয়। সে বুড়িচং উপজেলার পূর্ব খোদাই ধুলি গ্রামের মোঃ মনু মিয়ার ছেলে মোঃ জামাল হোসেন (২৫)। অভিযানে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।
পৃথক অন্য আরেকটি অভিযানে শুক্রবার সকালে কুমিল্লার সদর দক্ষিণের পদুয়ার বাজার বিশ্বরোড এলাকা থেকে ২২ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারিকে আটক করা হয়। তারা দিনাজপুর জেলার সেতাবগঞ্জ উপজেলার ভান্ডার খন্ড গ্রামের মনির উদ্দিনের ছেলে মোঃ আব্দুল হালিম (৩০) এবং কুমিল্লার জগন্নাথপুর গ্রামের হারুন খানের ছেলে মোঃ জুয়েল রানা (২৭)।
প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।



















































