ডেস্ক রিপোর্ট:
শিশুটির বয়স মাত্র ১৮ মাস হলেও এখনই তাকে জার্মান বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের সঙ্গে তুলনা করছেন অনেকেই। তবে প্রখর বুদ্ধিমত্তার কারণে নয়; বরং চুলের কারণে। শিশুটির চুল এলোমেলো ও বেশ ফোলানো। দেখতে অনেকটা আইনস্টাইনের চুলের মতো। সামাজিক যোগাযোগমাধ্যমে শিশুটির ছবি প্রকাশের সঙ্গে সঙ্গে তা ব্যাপক সাড়া ফেলেছে।
শিশুটির নাম লায়লা ডেভিস। বাড়ি যুক্তরাজ্যের স্যাফোকের গ্রেট ব্ল্যাকেনহামে। মা চার্লট ও বাবা কেভিন বলেন, জন্মের পর থেকেই তাদের মেয়ে লায়লার চুল বেশ বড় ও ফোলানো। অনেকটা ঝাঁকড়া চুলের মতো। সব সময় এলোমেলো থাকে। কোনোভাবেই তার চুল বিন্যস্ত রাখা যায় না। আসলে লায়লা চুলের একটি রোগে ভুগছে। চিকিৎসাবিজ্ঞানে জন্মগত এ রোগের নাম আনকমবেবল হেয়ার সিনড্রোম (ইউএইচএস)। গত মাসে শিশুটির এ রোগ শনাক্ত হয়।
১৯৭৩ সালে বিশ্বে প্রথম ইউএইচএস শনাক্ত হয়েছিল। এর পর থেকে বিশ্বজুড়ে মাত্র ১০০ জনের এ বিরল রোগ শনাক্ত হয়েছে বলে চিকিৎসক ও বিজ্ঞানীরা জানিয়েছেন। মূলত জিনগত পরিবর্তনের কারণে এটি হয়ে থাকে। শিশুটির মা বলেন, মাত্র এক বছর বয়সেই লায়লার চুল ফুলেফেঁপে উঠতে শুরু করে। আমরা ভেবেছিলাম- বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে এটা ঠিক হয়ে যাবে। কিন্তু হয়েছে উল্টোটা। আর এমন চুলের কারণে তাকে দেখতে অনেকটা আইনস্টাইনের মতো লাগে।

























































