ডেস্ক রিপোর্ট:
গাজীপুর মহানগরের টঙ্গীর আউচপাড়া এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক ব্যবসায়ী নিহত হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২২ আগস্ট) দুপুরে টঙ্গী পশ্চিম থানার ওসি শাহ আলম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (২১ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে একই দিন রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন টঙ্গীর এরশাদনগর এলাকার গেদু মিয়ার ছেলে মোবারক হোসেন (২২), দত্তপাড়ার জহির মার্কেট এলাকার আইয়ুব আলীর ছেলে জাহাঙ্গীর আলম (২০), একই এলাকার সিনিয়ার মাদ্রাসা রোডের মো. স্বপন মিয়ার ছেলে সাকিব (২২) ও আউচপাড়া সুতরাং রোড এলাকার আবুল কাশেম মিয়ার ছেলে ইসমাইল হোসেন (৩৩)।
পুলিশ জানায়, টঙ্গীর আউচপাড়া এলাকায় বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন ব্যবসায়ী সুমন। এ সময় একদল কিশোর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দুজনকে গুরুতর অবস্থায় ফেলে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শহীদ আহসান আল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। এ সময় আহত সালাউদ্দিন তুহিনকে (২৮) প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি শাহ আলম জানান, এ ঘটনায় রোববার রাতে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


















































