বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লা জেলা পরিষদ নির্বাচন, নৌকার মাঝি নিয়ে চলছে সমীকরণ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৯.২০২২

ডেস্ক রিপোর্ট:

আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে কুমিল্লা জেলা পরিষদ নির্বাচন। গত ২৩ আগস্ট নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১৫ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর এবং প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর।

জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ হবে ইভিএমে। সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা এই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।

তফসিল ঘোষণার পরপরই আলোচনা চলছে কে হচ্ছেন নৌকার মাঝি। ইতোমধ্যে অনেকের নাম এসেছে এই তালিকায়। প্রার্থী ও রাজনৈতিক নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, একাধিক ব্যক্তিই দলীয় সমর্থন চাইবেন জেলা পরিষদ এর চেয়ারম্যান পদের জন্য। ইতোমধ্যে বিভিন্ন স্থানে চলছে আনাগোনা।

এদিকে প্রার্থীদের তালিকায় আলোচনার শীর্ষে আছেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ, ইউরোপিয়ান বিশ্ববিদ্যালয় ও হামদর্দ বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবদুল মান্নান।

এই তালিকায় আরও আছেন বর্তমান প্রশাসক ও সাবেক চেয়ারম্যান ও নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার এডমিরাল (অবঃ) আবু তাহের, জেলা পরিষদের সাবেক প্রশাসক আলহাজ্ব ওমর ফারুক, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকার, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুমিল্লা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন, মহানগর যুবলীগের আহ্বায়ক ও জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান আবদুল্লা আল মাহমুদ সহিদ।

ড. আবদুল মান্নান বলেন, আমি সারাটা জীবন বঙ্গবন্ধুর আদর্শে নিজেকে পরিচালিত করেছি। জীবনের অর্ধেকেরও বেশি সময় শিক্ষার আলো মানুষের মাঝে ছড়িয়ে দিতে কাজ করেছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে জেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে মনোনয়ন দেয়, তবে দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগাতে পারবো।

উল্লেখ্য ২০০০ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার নতুন করে জেলা পরিষদ আইন প্রণয়ন করে। এরপর জোট সরকারের আমলে এ নিয়ে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। পরে ২০০৯ সালে আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় আসার পর ২০১১ সালে আলহাজ্ব ওমর ফারুককে প্রশাসক নিয়োগ দিয়ে জেলা পরিষদ পরিচালনা করে। এরপর প্রথমবারের মতো স্থানীয় এ সরকারে নির্বাচন হয় ২০১৬ সালের ২৯ ডিসেম্বর। ওই সময় নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার এডমিরাল অবঃ আবু তাহের দক্ষিণ জেলা আওয়ামী লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপনকে হারিয়ে বিজয়ী হন।

আইন অনুযায়ী সিটি করপোরেশন, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেয়র এবং কাউন্সিলররা বা সদস্যরা ভোট দিয়ে জেলা পরিষদের চেয়ারম্যান, ১৫ জন সদস্য ও পাঁচজন সংরক্ষিত সদস্য নির্বাচিত করে থাকেন।

জেলা পরিষদ আইন-২০০০ অনুযায়ী, নির্বাচিত পরিষদের মেয়াদ হচ্ছে প্রথম সভার দিন থেকে পরবর্তী পাঁচ বছর। ইতোমধ্যে পাঁচ বছর পূর্ণ হওয়ায় পুনরায় সাবেক চেয়ারম্যান আবু তাহেরকে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি