ডেস্ক রিপোর্ট:
দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনের সংসদ সদস্য (এমপি) পঙ্কজ দেবনাথকে আওয়ামী লীগের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
রোববার (১১ সেপ্টেম্বর) কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত চিঠিতে বিষয়টি জানানো হয়।
চিঠিতে বলা হয়, আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী অর্পিত ক্ষমতাবলে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে আপনাকে বাংলাদেশ আওয়ামী লীগ, বরিশাল জেলা শাখার উপদেষ্টা পরিষদের সদস্য পদসহ দলীয় অন্যান্য সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ বিষয়ে আপনার লিখিত জবাব আগামী ১৫ দিনের মধ্যে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
ওই চিঠির বিষয়ে পঙ্কজ দেবনাথ গণমাধ্যমকে বলেন, আওয়ামী লীগ থেকে অব্যাহতির চিঠি পেয়েছি। এ নিয়ে এখনই কিছু বলতে চাই না।
পঙ্কজ দেবনাথ স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ছিলেন।


























































