বৃহস্পতিবার,২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » বাংলাদেশ » ম্যাজিস্ট্রেট ও সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগে নারীসহ গ্রেপ্তার ৭


ম্যাজিস্ট্রেট ও সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগে নারীসহ গ্রেপ্তার ৭


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.১০.২০২২

ডেস্ক রিপোর্ট:

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে নারীসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় তাদের বহনকারী একটি গাড়ি, ক্যামেরা, পাঁচটি মোবাইল ফোন, চার্জার, তিনটি দৈনিক পত্রিকার ভুয়া পরিচয়পত্র জব্দ করা হয়।

আজ বৃহস্পতিবার দুপুরে ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) সুমন কর এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। গতকাল বুধবার রাতে পৌরসভার বাকাইল এতিমখানা মাদ্রাসা এলাকা থেকে আলফাডাঙ্গা থানা পুলিশ তাদেরকে আটক করে।

আটকরা হলেন, রাকিবুল হায়দার, রেজাউল করিম খান, আরাফাত হোসেন, শামীম হোসেন, গাড়ির ড্রাইভার আতাউর রহমান, জীবনী ও সোমা পারভিন। তারা গাজীপুরের বাসন, নোয়াখালী, জামালপুর ও শেরপুরের বিভিন্ন উপজেলার বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, গতকাল বিকেলে উপজেলার ইউসুবেরবাগ মাদ্রাসা ও এতিমখানায় নানা অনিয়ম ও দুর্নীতি চলছে। এমন অভিযোগ তুলে মাদ্রাসার অধ্যক্ষের কাছে জানান তারা সমাজসেবা মন্ত্রণালয় থেকে অডিট করার জন্য এসেছেন। এ সময় ম্যাজিস্ট্রেট ও সাংবাদিক পরিচয়ে বিভিন্ন তথ্য-উপাত্ত চাওয়া হয়। ‘অডিট করার বিল’ বাবদ নগদ ৩ হাজার টাকাও নেন। আরও ৪০ হাজার টাকা দাবি করেন, যা দুই দিনের মধ্যে বিকাশের মাধ্যমে পরিশোধ করতে বলা হয়।

একই কায়দায় উপজেলার বাকাইল এতিমখানা মাদ্রাসায় গিয়ে অধ্যক্ষ হাফেজ মো. ইদ্রিস আলীকে বিভিন্ন প্রশ্ন করে টাকা হাতানোর চেষ্টা করেন। কর্তৃপক্ষের বিষয়টি সন্দেহ হলে তাৎক্ষণিক স্থানীয় লোকজন ও সাংবাদিকদের জানান। তাদের কাছে থাকা আইডি কার্ড যাচাই করে দেখা যায় তারা ঢাকা থেকে আলফাডাঙ্গায় এসে বিভিন্ন মাদ্রাসায় প্রতারণা করে টাকা দাবি করছেন। পরে স্থানীয় লোকজন ও সাংবাদিকরা পুলিশকে খবর দিলে রাতে পুলিশ এসে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় গতকাল রাতে ইউসুবেরবাগ গোরস্থান মাদ্রাসা ও এতিখানার অধ্যক্ষ মাওলানা মো. শরফুদ্দিন মোল্যা বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন কর বলেন, আজ তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি