শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বিএনপির সমাবেশে যাচ্ছে সন্দেহে শ্রমিককে কুপিয়ে জখম


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.১০.২০২২

ডেস্ক রিপোর্ট:

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বিএনপির সমাবেশে যাচ্ছেন সন্দেহে মো. মোবারক হোসেন (৩৩) নামে এক শ্রমিককে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। তার বাড়ি নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার আলুদ্দিয়া গ্রামে। তিনি বিয়ের অনুষ্ঠানে বিভিন্ন কমিউনিটি সেন্টারে শ্রমিকের কাজ করেন।

আজ শনিবার বেলা ১১টার দিকে গফরগাঁওয়ের উথুরি মোড়ে এ ঘটনা ঘটে। গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের উপসহকারী চিকিৎসা কর্মকর্তা জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘মোবারকের ডান হাতের কবজির রগ কেটে গিয়ে গভীর ক্ষত হয়েছে। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।’

আহত মোবারক জানান, তিনি কিশোরগঞ্জ জেলায় থাকেন। আজ সকালে মোট ১২ জন শ্রমিক কিশোরগঞ্জের হোসেনপুর থেকে গফরগাঁও যাচ্ছিলেন। সেখানে কাদির কমিউনিটি সেন্টারে একটি বিয়ের অনুষ্ঠানে কাজ করার কথা ছিল তাদের। একটি থ্রি হুইলারে চড়ে যাচ্ছিলেন তারা। পথে গফরগাঁওয়ের উথুরি মোড়ে রামদা হাতে একদল দুবৃর্ত্ত তাদের পথরোধ করে। এরপর ময়মনসিংহে বিএনপির সমাবেশে যাচ্ছে সন্দেহে সবাইকে গাড়ি থেকে নামিয়ে মারধর করতে শুরু করে দুবৃর্ত্তরা। একপর্যায়ে মোবারকের ডান হাতে রামদা দিয়ে কোপ দেওয়া হয়।

মোবারক বলেন, ‘আমার বাড়ি নেত্রকোনায়। কিশোরগঞ্জ শহরে থাকি। গফরগাঁও উপজেলার কোনো মানুষকে আমি চিনি না। আমাদের কোনো কিছু বলার সুযোগ না দিয়েই মারধর করতে থাকে।’

স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল শুক্রবার সন্ধ্যা থেকেই উথুরি মোড়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের সমর্থকেরা লাঠিসোঠা নিয়ে অবস্থান নিয়েছেন। তারা সমাবেশে যাচ্ছে এমন সন্দেহে হলে মানুষকে যেতে বাধা দিচ্ছেন।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, উথুরি মোড়ে শ্রমিককে কুপিয়ে জখম করার কোনো ঘটনার কথা তার জানা নেই। তিনি খোঁজ নিয়ে দেখবেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি