ডেস্ক রিপোর্ট:
গোপালগঞ্জে জালনোটসহ প্রতারক চক্রের মূলহোতা মা ও মেয়েকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার বিকালে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া এলাকা থেকে এক লাখ টাকার একটি জালটাকার বান্ডিলসহ তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— ঢাকার কামরাঙ্গীরচর আশরাফাবাদ এলাকার ‘বি’ ব্লকের শিল্পী বেগম (৪২) ও তার মেয়ে রুমানা আক্তার রানী (২৭)।
গোপালগঞ্জ সদর থানার এসআই জালাল উদ্দীন বলেন, মঙ্গলবার বিকালে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া এলাকায় জামান সেন্টারের পাশে যুগল টেলিকম থেকে শিল্পী বেগম ও তার মেয়ে রুমানা আক্তার রানী একটি নাম্বারে ৯৭ হাজার টাকা বিকাশ করেন। পরে ওই বিকাশের দোকানদারকে এক লাখ টাকার জালনোটের একটি বান্ডিল দেন।
দোকানদার দেখতে পান ওপরের এবং নিচের নোট দুটি ব্যতীত সবকটি নোট জাল। পরে দোকানদার মা ও মেয়েকে আটকে রেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে।
সদর থানার ওসি জাবেদ মাসুদ বলেন, ধারণা করছি— প্রতারক চক্রটি জালনোটের ব্যবসা রয়েছে। আটকদের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা করা হয়েছে।





















































