শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » রাজনীতি » নির্বাচনের আগে খালেদাকে কারাগারে পাঠানোর সম্ভাবনা নেই: আইনমন্ত্রী


নির্বাচনের আগে খালেদাকে কারাগারে পাঠানোর সম্ভাবনা নেই: আইনমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.১০.২০২২

ডেস্ক রিপোর্ট:

দুর্নীতির দুই মামলায় সাজাপ্রাপ্ত হয়ে অন্তর্র্বতীকালীন মুক্তিতে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আগামী জাতীয় নির্বাচনের আগে কারাগারে ফেরত পাঠানোর সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

আজ বৃহস্পতিবার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
এ সময় জামায়াত প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, দল হিসেবে জামায়াতের বিচারের জন্য শিগগিরই আইনে সংশোধনী আনা হবে। এ ছাড়া ভিন্ন নামে জামায়াতের আবেদন কিভাবে নিষ্পত্তি করে নির্বাচন কমিশন (ইসি) সেটিও সরকার পর্যবেক্ষণ করবে বলেও জানান আনিসুল হক।

খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে আগের দুই শর্ত বহাল রেখে তার মুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়িয়ে গত ১৯ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষাসেবা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। এ নিয়ে ষষ্ঠবারের মতো কারাবন্দি খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়াল সরকার। পঞ্চম দফায় তার মুক্তির মেয়াদ শেষ হয় গত ২৪ সেপ্টেম্বর।

প্রজ্ঞাপন অনুযায়ী, আগের মতো খালেদা জিয়া ঢাকার নিজ বাসায় থেকে চিকিৎসা নেবেন এবং এ সময়ে তিনি দেশের বাইরে যেতে পারবেন না- এ দুটি শর্তে দণ্ড স্থগিতের মেয়াদ বাড়ানো হয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন।

গত ২২ আগস্ট স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে যান বিএনপি চেয়ারপারসন। এর পাঁচদিন পর ২৮ আগস্ট ফের স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের নানা প্রক্রিয়া শেষ করে গত ৩১ আগস্ট বাসায় ফেরেন খালেদা জিয়া।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি