শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » রাজনীতি » শেখ হাসিনা পঞ্চমবারের মতো আবারও ক্ষমতায় আসবেন: উপমন্ত্রী শামীম


শেখ হাসিনা পঞ্চমবারের মতো আবারও ক্ষমতায় আসবেন: উপমন্ত্রী শামীম


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.১০.২০২২

ডেস্ক রিপোর্ট:

পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, জনগণের রায় ছাড়া কোনো প্রভু এসে ক্ষমতায় বসিয়ে দেবে না। আর বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ও আওয়ামী লীগের শক্তিই জনগণ। জনগণের রায় নিয়ে পঞ্চমবারের মতো শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতায় আসবেন।

শনিবার সকালে শরীয়তপুরের সখিপুরের চরভাগায় নড়িয়া উপজেলা ও সখিপুর থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামিম বলেন, জনবিচ্ছিন্ন বিএনপি ভোটের মাঠে হেরে এখন নানা ষড়যন্ত্র আর সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে। রাজপথে থেকেই আওয়ামী লীগ তাদের সব ষড়যন্ত্রের জবাব দেবে। এ জন্য আওয়ামী লীগ সর্বদা প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, আন্দোলনের ভয় আওয়ামী লীগকে দেখিয়ে লাভ নাই। দীর্ঘ আন্দোলন, লড়াই-সংগ্রামের মাধ্যমে আওয়ামী লীগ এ অবস্থানে এসেছে। ক্ষমতায় টিকে থাকার জন্য আওয়ামী লীগ সরকারের কারো কাছে ধরনা দেওয়ার প্রয়োজন হয় না। আওয়ামী লীগ জানে, রাজনীতি করতে হলে জনগণের ভালোবাসা ও সমর্থন প্রয়োজন।

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের স্থানীয় সরকার উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল মনির সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অনল কুমার দে, নড়িয়া উপজেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মাল, সখিপুর থানার সভাপতি হুমায়ুন কবির মোল্যা, নড়িয়া উপজেলার সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, সখিপুর থানার সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাকিল আহমেদ জুয়েল, জাতীয় পরিষদ সদস্য শামীম আহমেদ, অ্যাডভোকেট দিপংকর গাইন টিটু।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি