মঙ্গলবার,২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ


সড়কে প্রাণ গেলো ৬ বছরের শিশুর


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.১১.২০২২

ডেস্ক রিপোর্ট:

লক্ষ্মীপুরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় ফাতেমা আক্তার (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার দালাল বাজার খোয়াসাগর দিঘির পশ্চিম পাশে লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে মায়ের সামনেই এ দুর্ঘটনা ঘটে।

ফাতেমা আক্তার লক্ষ্মীপুর পৌরসভার পশ্চিম লক্ষ্মীপুর এলাকার কবির হোসেনের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিশু ফাতেমা আক্তারকে নিয়ে খোয়াসাগর দিঘিরপাড়ে ঘুরতে আসেন তার মা ও খালা। বাড়ি ফেরার পথে পারাপারের সময় দ্রুতগতির একটি অটোরিকশা ধাক্কা দিলে শিশুটি রাস্তার পাশে ছিটকে পড়ে। উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আরমান হোসেন বলেন, হাসপাতাল আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। পরিবারের লোকজন মরদেহ বাড়িতে নিয়ে গেছেন।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তবে কাউকে পাওয়া যায়নি। বিষয়টির খোঁজ নেওয়া হচ্ছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি