শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বাড়িতে ‌মিলল গোপন সরকারি নথি, বিপাকে বাইডেন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০১.২০২৩

আন্তর্জাতিক ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ব্যক্তিগত অফিসে ও বাড়িতে সরকারি গোপন নথি পাওয়ার রেশ এখনও কাটেনি। এর মধ্যেই তৃতীয় দফায় তার বাড়িতে মিলল আরও নথি। বাইডেনের আইনজীবী এসব নথি পেয়েছেন। খবর দ্য গার্ডিয়ানের।

প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যমটি জানায়, বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডেলওয়ারের বাড়িতে আরও সরকারি নথির সন্ধান পেয়েছে বাইডেনের আইনজীবী। বিষয়টি হোয়াইট হাউস থেকে নিশ্চিত করা হয়েছে।

শনিবার এক বিবৃতিতে হোয়াইট হাউসের আইনজীবী রিচার্ড সাউবার বলেন, ‘বাইডেনের ব্যক্তিগত লাইব্রেরি থেকে পাঁচ পৃষ্ঠার নথি পাওয়া গেছে। সেগুলো বিচার মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হয়েছে। ’ এসব নথি বাইডেনের ভাইস প্রেসিডেন্ট থাকাকালীন সময়ের। ওই সময় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বারাক ওবামা।

এক টুইট বার্তায় সাউবার জানান, প্রেসিডেন্টের আইনজীবীদের নিরাপত্তা অনুমোদন না থাকায় তারা বুধবার গোপন নথির একটি পৃষ্ঠা পাওয়ার পর আশপাশের জায়গায় অনুসন্ধান চালাতে পারেননি। কিন্তু সাউবারের নিরাপত্তা অনুমোদন থাকায় তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় বিচার মন্ত্রণালয়কে দেওয়ার উদ্দেশ্যে নথিগুলো প্রস্তুত করতে ডেলাওয়ারের ওই বাড়িতে যান। তখন তিনি গোপন নথির অতিরিক্ত আরও পাঁচ পৃষ্ঠা পান।

গত নভেম্বরে পেন বাইডেন সেন্টারে প্রথম দফায় ১০টি নথি পাওয়া গিয়েছিল। আর ডিসেম্বরের শেষের দিকে বাইডেনের ডেলওয়ারের বাড়ির গ্যারেজে এক পৃষ্ঠার একটি নথি পাওয়া যায়। বারাক ওবামার অধীনে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের সময়কালের সঙ্গে এসব নথি সংশ্লিষ্ট।

যুক্তরাষ্ট্রের গোপন নথিগুলো সাধারণত তিন ক্যাটাগরিতে ভাগ করা হয়। কনফিডেন্সিয়াল, সিক্রেট এবং টপ সিক্রেট। কোনো ‘টপ সিক্রেট’ নথি ফাঁস হলে তা যুক্তরাষ্ট্রের স্বার্থের ‘মারাত্মক ক্ষতি করতে পারে’। রাষ্ট্রীয় গোপন নথিতে বিশেষ অনুমতি সাপেক্ষে সীমিত সংখ্যক মানুষের প্রবেশগম্যতা রয়েছে। এগুলো কীভাবে রাখতে এবং সংরক্ষণ করতে হবে সেই বিষয়ে নির্দিষ্ট নিয়ম রয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি