মঙ্গলবার,২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ


আ.লীগ কারও নির্দেশনা শোনে না, সংবিধান অনুযায়ী চলে : কাদের


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০২.২০২৩

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগ কারও নির্দেশনা শোনে না, সংবিধান অনুযায়ী চলে বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর গুলশানে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে বিএনপি কূটকৌশলের আশ্রয় নিচ্ছে বলে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ২০১৩-১৪ সালের মতো আগুন সন্ত্রাসের মাধ্যমে দেশের স্থিতিশীলতা নষ্ট করে ক্ষমতা দখলের পাঁয়তারা করছে।

‘বিএনপি সংলাপে বিশ্বাস করে না’ মন্তব্য করে তিনি বলেন, রাষ্ট্রপতি ও নির্বাচন কমিশনের সংলাপে তারা যায়নি। তারা দূতাবাসে আসে চুপিচুপি। আওয়ামী লীগ আমন্ত্রণ পেয়ে সবাইকে জানিয়ে এসেছে।

বৈঠকের বিষয়ে সেতুমন্ত্রী বলেন, ইইউর সাত দেশের প্রতিনিধি ছিলেন। তাদের সঙ্গে নির্বাচন ও ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, ইউরোপীয় ইউনিয়ন আগামী জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক দেখতে চায়। আওয়ামী লীগও একটি ভালো, ত্রুটিমুক্ত ও সুষ্ঠু নির্বাচন চায়। আওয়ামী লীগ কারও নির্দেশনা শোনে না, সংবিধান অনুযায়ী চলে। আগামী নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি