ভারতের রাজধানী নয়াদিল্লিতে জি-টুয়েন্টি জোটভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীর সম্মেলন যৌথ ঘোষণা ছাড়াই শেষ হয়েছে। এবারের যৌথ বিবৃতি ইউক্রেন থেকে রাশিয়ার প্রতি নিঃশর্তভাবে পুরোপুরি সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়ে তৈরি করা হয়। কিন্তু রাশিয়ার আপত্তিতে চীন সমর্থন জানানোয় তা শেষপর্যন্ত আলোর মুখ দেখেনি।
তবে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো ঠিকই হুঁশিয়ারি বার্তা দিয়েছে। আজ শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বৈঠকের পর এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন ও তার ভারত, জাপান ও অস্ট্রেলিয়ার সমকক্ষরা বলেছেন, ইউক্রেনে যুদ্ধের জন্য রাশিয়াকে অবশ্যই শাস্তি পেতে হবে।
চার দেশ নিয়ে গঠিত এই কোয়াড জোট আরও বলেছে, ইউক্রেনে পারমাণবিক অস্ত্রের ব্যবহার বা ব্যবহারের হুমকি অগ্রহণযোগ্য। গত বছরের বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৩৭৩ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনও লক্ষণ নেই।

























































