শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ইউক্রেনজুড়ে রাশিয়ার ফের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৯


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০৩.২০২৩


আন্তর্জাতিক ডেস্ক:

ইউক্রেনজুড়ে রাতভর ফের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে এখন পর্যন্ত অন্তত ৯ জনের নিহতের খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার বিবিসি ও আল-জাজিরার লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিবিসি বলছে, রুশ বাহিনী ইউক্রেনের বিভিন্ন শহরে ৮০ টির বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। রাশিয়ার নতুন এ হামলা গেল কয়েক সপ্তাহের মধ্যে ভয়াবহ। এতে দেশটির বিভিন্ন অঞ্চল বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

আল-জাজিরা জানিয়েছে, ইউক্রেনের রাজধানী কিয়েভসহ, বন্দর নগরী ওডেসা ও খারকিভে রুশ বাহিনীর চালানো হামলায় ছয়জন নিহত হয়েছেন। এ ছাড়া হামলার কারণে রুশ বাহিনীর দখলে থাকা ঝাপোরিজঝিয়া পারমাণবিক বিদ্যুতকেন্দ্র বিদ্যুৎহীন হয়েছে।

অন্যদিকে খেরসনে রুশ বাহিনীর হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর নাগাদ এসব হামলা চালানো হয়েছে।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত ১২ মাসের বেশি সময় ধরে চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি