ডেস্ক রিপোর্টঃ
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, গুচ্ছ পদ্ধতিতে ভর্তি কার্যক্রমে হয়রানি ও ব্যয় কমেছে। তবে নতুন কোনো সিস্টেম চালু করতে গেলে, সেখানে কিছু সমস্যা হয়। এ ক্ষেত্রেও কিছু সমস্যা হচ্ছে। এ জন্য আগামী বছর থেকে অন্যান্য দেশের মতো সব বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে একটি ভর্তি পরীক্ষা হবে। জাতীয় একটি মেধাতালিকা হবে। সেই তালিকা অনুসারে শিক্ষার্থীরা ভর্তি হবে।
আজ বুধবার দুপুর ১২টায় কুষ্টিয়ার দৌলতপুর কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান মেলা উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার স্মার্ট বাংলাদেশ গড়তে চায়। এ জন্য স্মার্ট নাগরিক গড়তে শিক্ষার কোনো বিকল্প নেই। স্মার্ট নাগরিক তৈরিতে সহায়ক শিক্ষাক্রম নিয়ে কাজ করছে সরকার। একটি চক্র এই শিক্ষাক্রমকে বাধাগ্রস্ত করতে চায়। নতুন শিক্ষা কর্মের আলোকে ছাপানো বইয়ে যা নেই তা উপস্থাপন করা হচ্ছে। এডিট করে অপপ্রচার চালানো হচ্ছে। তারা শিক্ষার্থীদের মগজ ধোলাইয়ের পদ্ধতি বহাল রাখতে এ কাজ করছে। আমাদের শিক্ষার্থীরা মগজ ধোলাইয়ের শিকার হবে না। তারা ভাবতে শিখবে, পৃথিবীকে জানবে।’
তিনি আরও বলেন, র্যাগিং সামাজিক সমস্যা। সমন্বিত উদ্যোগের বিরুদ্ধে একটি সংস্কৃতি গড়ে তুলতে হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আ কা ম সরওয়ার জাহান বাদশাহ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান। বিজ্ঞান মেলায় ১৮টি কলেজ অংশ নিয়েছে।


























































