
সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতক উপজেলার দেবের গ্রামে ধর্মীয় উগ্রপন্থীদের অগ্নিসংযোগে নিঃস্ব হয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও সমাজকর্মী মাওলানা ফজলুল হক আমিনী। গত ১৭ মার্চ ২০২৩ রাত অনুমানিক ১০:৩০ ঘটিকায় তার বাড়িতে হামলা চালিয়ে দুর্বৃত্তরা ঘরবাড়িতে অগ্নিসংযোগ করে। এতে তার বসতঘর, গবাদিপশু এবং মূল্যবান আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে যায়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
ভুক্তভোগী ফজলুল হক আমিনী জানান, “আমি মাদক ও অশ্লীলতার বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলাম। জাফর শাহের মাজারে যেসব অনৈতিক কার্যকলাপ চলত, এবং হেফাজতে ইসলামের বিরুদ্ধে ফতুয়া দিয়েছিলাম ও তাদের প্রোগ্রামে মাদ্রাসার ছাত্রদের দিতে অস্বীকার করি ও তার প্রতিবাদ করায় দীর্ঘদিন ধরে হুমকির মুখে ছিলাম। ঘটনার দিন আমি ও আমার পরিবার শ্বশুরবাড়িতে থাকায় প্রাণে রক্ষা পাই, তবে দুর্বৃত্তদের উদ্দেশ্য ছিল আমাকে জীবন্ত পুড়িয়ে মারা। ”
স্থানীয় সূত্রে জানা যায়, হেফাজতে ইসলামের নেতা মাওলানা আখতার ও মাজারের খাদেম কুতুব উদ্দিনের নেতৃত্বে সংঘবদ্ধ একটি সন্ত্রাসী চক্র এই হামলায় অংশ নেয়।
এ বিষয়ে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “ঘটনার বিষয়টি শুনেছি, এবং থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে তার তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।”
এদিকে, স্থানীয়রা প্রশাসনের হস্তক্ষেপ এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন।

















































