স্পোর্টস ডেস্ক:
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের দ্বিতীয় ইনিংসে স্কট বোল্যান্ডের বলে ক্যামেরন গ্রিনের ক্যাচে আউট হন শুভমান গিল। তবে গ্রিন ক্যাচ ধরার আগে সেই বলটি মাটি স্পর্শ করেছে কি না সেটি নিয়ে চলে বিতর্ক। আম্পায়ারকে ইঙ্গিত করে সেটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও পোস্ট দেন গিল। যার জন্য শাস্তি পেতে হলো তাকে। আইসিসি গিলকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করেছে।
এক বিজ্ঞপ্তিতে আইসিসি বলছে, গিলকে আইসিসির আর্টিকেল ২.৭ লঙ্ঘনের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে। কোনো আন্তর্জাতিক ম্যাচে ঘটে যাওয়া কোনো ঘটনা নিয়ে সমালোচনা বা অসন্তোষ প্রকাশ করা এই অপরাধের মধ্যে পড়ে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘গিলের আউটে ক্যামেরন গ্রিনের ক্যাচ পরিস্কারভাবে দেখেই বিচার করেছিলেন টিভি আম্পায়ার রিচার্ড কেটলবরো। গিল পরে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়ে যান, যেটি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলে।’
এদিকে, মন্থর বোলিংয়ের জন্য ভারতকে ম্যাচ ফির শতভাগ জরিমানা করা হয়েছে। আর অস্ট্রেলিয়াকে ম্যাচ ফির ৮০ ভাগ জরিমানা করেছে আইসিসি। ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন ভারত ও অস্ট্রেলিয়ার ওপর শাস্তির এ রায় দিয়েছেন। ভারত বরাদ্দকৃত সময়ের মধ্যে পাঁচ ওভার এবং অস্ট্রেলিয়া চার ওভার পিছিয়ে ছিল বলে জানায় আইসিসি। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার নিয়ম অনুযায়ী স্লো–ওভার রেটে প্রতি ওভারের জন্য ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা হয়ে থাকে।





















































