স্পোর্টস ডেস্ক:
৫০ কোটি ইউরোর প্রস্তাব দিয়েও আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসিকে পায়নি আল হিলাল। তাদের নজর এখন পিএসজির আরেক সুপারস্টার নেইমারের দিকে। তার জন্য ২০ কোটি ইউরো বার্ষিক বেতনের প্রস্তাব রেখেছে সৌদি ক্লাবটি।
আমেরিকান ডিজিটাল ক্যাবল অ্যান্ড স্যাটেলাইট স্পোর্টস টেলিভিশন সিবিএস-এর প্রতিবেদনে জানানো হয়, নেইমারের সঙ্গে সম্ভাব্য চুক্তির ব্যাপারে কথা বলতে গত শুক্রবার আল হিলাল প্যারিসে তাদের প্রতিনিধি দল পাঠায়।
নেইমারকে আল নাসরে যোগ দেওয়া ক্রিশ্চিয়ানো রোনালদোর সমান পারিশ্রমিক দেওয়ার পাশাপাশি পিএসজিকে সাড়ে চার কোটি ইউরো দেওয়ার প্রস্তাব দেয় সৌদি ক্লাবটি। তাতে করে ২২ কোটি ২০ লাখ ইউরোতে বার্সেলোনার সাবেক ফরোয়ার্ডকে কেনা প্যারিসের ক্লাবটি বড় ধরনের আর্থিক ক্ষতির সামনে পড়তে পারে। আল হিলাল ও নেইমারের চুক্তির পথে এটাই প্রধান অন্তরায়।
অবশ্য ফরাসি চ্যাম্পিয়নরা এরই মধ্যে ইউরোপের বিভিন্ন ক্লাবের কাছে নেইমারকে কেনার প্রস্তাব দিয়েছে। তবে আনুষ্ঠানিক সাড়া এখনও মেলেনি। ফিটনেস ইস্যুর কারণেই ৩১ বছর বয়সী এই তারকাকে নিয়ে আগ্রহ কম বলে শোনা যাচ্ছে। সম্প্রতি লিগামেন্ট ইনজুরিতে পড়ে চার মাসের জন্য মাঠের বাইরে রয়েছেন নেইমার।
























































